আনুষ্ঠানিক রূপ পেল ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই
- আপডেট সময় : ১০:৪৩:২১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 24
জমকালো ও নানা আয়োজনে সম্প্রতি ফরিদপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত হলো ‘ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১ম যৌথ সভা’। নির্বাহী কমিটি, শ্রেণি প্রতিনিধি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিশেষায়িতসহ সব ধরনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে সর্বসম্মতিক্রমে ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে অনুমোদন দেওয়া হয়। এই অনুমোদনে আনুষ্ঠানিক রূপ পেল সংগঠনটি।
এই যৌথসভায় সাবেক শিক্ষার্থী ছাড়া শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে নতুন অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটির অনুমোদনের পক্ষে সমর্থন জানান।
এছাড়াও খসড়া গঠনতন্ত্র প্রণয়ন ও অন্যান্য গৃহীত পরিকল্পনার প্রতি উপস্থিত সবাই হাত তুলে সমর্থন জানান। এছাড়া গত বছর ২৫ ও ২৬ ডিসেম্বর ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি পুনর্মিলনীর আয়-ব্যয় সংক্রান্ত অডিট রিপোর্টও অনুমোদন দেওয়া হয়।
এতে বক্তব্য রাখেন ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও সাবেক শিক্ষার্থী ড. মোস্তাফিজুর রহমান শামীম এবং ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। অনুষ্ঠানে বক্তারা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিটি পদক্ষেপের সঙ্গে পূর্ণ একাত্মতা জানান। তারা সহস্র প্রাণের এই প্রাণবন্ত মিলনমেলায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
১৯৮৫ ব্যাচের আব্দুর রাকিবের কুরআন তেলাওয়াত এবং ১৯৮৮ ব্যাচের চিন্ময় করের গীতা পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।
ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডাক্তার আরিফুর রহমানের সভাপতিত্বে, প্রচার ও জনসংযোগ সম্পাদক রাজীব খানের উপস্থাপনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ওয়াহিদ মিয়া কুটি। অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও ১৯৮৪ ব্যাচের শিক্ষার্থী সাইফুজ্জামান চৌধুরী মুক্তা।
অ্যালামনাইয়ের পর্যালোচনা মূলক বক্তব্য দেন বেনজীর আহমেদ তাবরীজ, মনোয়ার সিকদার মান্নি, অ্যাডভোকেট আনসুল রেজা কুমকুম, গিয়াস উদ্দিন বুলবুল ও মামুন কবির। স্কুলের শিক্ষার মান উন্নয়ন সম্পর্কে বলেন শিক্ষক নুরুল ইসলাম কাজল, সোহান জোয়ারদার ও মাহফুজুর রহমান বিপ্লব। স্কুলের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন প্রধান শিক্ষক আতিকুর রহমান।



















