র্যাব বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু
- আপডেট সময় : ১১:৩০:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 8
অবশেষে বিলুপ্ত করা হলো বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বাংলাদেশ পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (SRB) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠন করে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দেশজুড়ে SRB তাদের দাপ্তরিক ও মাঠপর্যায়ের কার্যক্রম শুরু করেছে।
গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল, ২০২৬’ পাস হয়।
পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশিত হলে র্যাবের পূর্বের আইনি ভিত্তি বিলুপ্ত হয়ে যায়। ১৫ সেপ্টেম্বর রাত থেকেই নতুন আইন কার্যকর করা হয় এবং নতুন এই বিন্যাসে র্যাবের বিদ্যমান সব স্থাবর-অস্থাবর সম্পত্তি, অবকাঠামো, যানবাহন ও নথি সরাসরি SRB-এর অধীনে ন্যস্ত করা হয়েছে।
প্রাতিষ্ঠানিক যোগাযোগ, সংবাদ বিজ্ঞপ্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘RAB’-এর পরিবর্তে ‘SRB Bangladesh’ সংবলিত লোগো ব্যবহার শুরু হয়েছে।
২০০৪ সালে গঠনের পর থেকে অপরাধ দমনে ভূমিকা রাখলেও বিভিন্ন সময়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের মতো গুরুতর অভিযোগে আন্তর্জাতিকভাবে সমালোচিত হয় বাহিনীটি। এ প্রেক্ষাপটে দীর্ঘদিনের সংস্কার দাবির মুখে সরকার এ পদক্ষেপ গ্রহণ করে।
আইন অনুযায়ী, নতুন ইউনিটের ওপর ফৌজদারি অপরাধের তদন্ত, তল্লাশি ও গ্রেপ্তারের পূর্ণ ক্ষমতা থাকলেও এর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিশেষ নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১০ ডিসেম্বর বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কারবিষয়ক কমিটি র্যাব বিলুপ্তির দাবি জানায়।
তবে ক্ষমতায় এসে বিএনপি এ বাহিনীকে বিলুপ্ত না করে কাঠামোগত ও কর্মপরিধি পুনর্বিন্যস্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি নামে মাঠে রাখল।




















