ফরিদপুর সিটি কর্পোরেশনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের চিঠি
- আপডেট সময় : ০৯:৩৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 71
ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার সম্ভাব্যতা যাচাই এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন পাঠাতেও বলা হয়েছে। গত ৩০ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
জানা গেছে, ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। আবেদনে তিনি ফরিদপুরের বর্তমান নগর বাস্তবতা, জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত নগরায়ণ এবং নাগরিক সেবার ক্রমবর্ধমান চাহিদার বিষয়টি তুলে ধরেন। আবেদনে বলা হয়, ফরিদপুর একটি প্রাচীন ও ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ জেলা শহর। সময়ের সঙ্গে শহরের জনসংখ্যা ও নাগরিক পরিসর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে বর্তমান পৌরসভা কাঠামোর মাধ্যমে ক্রমবর্ধমান নগরবাসীর প্রত্যাশিত ও আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।
চিঠিতে ফরিদপুর পৌরসভার আয়তন ও ওয়ার্ডসংখ্যা বৃদ্ধির বিষয়টিও উল্লেখ করা হয়। এতে বলা হয়, একসময় পৌরসভার আয়তন ছিল ১৭ দশমিক ৩৮ বর্গকিলোমিটার এবং ওয়ার্ড ছিল ৯টি। বর্তমানে আয়তন বেড়ে ৬৬ দশমিক ৫৪ বর্গকিলোমিটার এবং ওয়ার্ড সংখ্যা বেড়ে ২৭টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ পৌরসভার সেবা কার্যক্রমের পরিধি আগের তুলনায় অনেক বিস্তৃত হয়েছে। আবেদনে আরও উল্লেখ করা হয়, পৌরবাসী বিভিন্ন ক্ষেত্রে সিটি কর্পোরেশনের সমপর্যায়ের কর ও বিভিন্ন ফি পরিশোধ করলেও অনেক ক্ষেত্রে সেই অনুপাতে উন্নত নাগরিক সেবা ও অবকাঠামোগত সুবিধা পাচ্ছেন না। আধুনিক নগর ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন, পরিকল্পিত আবাসন এবং অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করতে বৃহত্তর প্রশাসনিক কাঠামোর প্রয়োজন রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, ফরিদপুর পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হলে নগর উন্নয়ন পরিকল্পনা আরও সমন্বিত ও দীর্ঘমেয়াদি করা সম্ভব হবে। পাশাপাশি আধুনিক অবকাঠামো উন্নয়ন, শিল্প-বাণিজ্যের প্রসার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবার মানোন্নয়নের সুযোগ তৈরি হবে।
প্রসঙ্গত, ১১ বছর আগে ২০১৫ সালে সিটি কর্পোরেশন গঠনের প্রক্রিয়া শুরু হলে ফরিদপুর পৌরসভার সাধারণ নির্বাচন স্থগিত করা হয়। ২০১৮ সালের ২ আগস্ট প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির প্রারম্ভিক সচিব কমিটি তথা প্রি-নিকারের বৈঠকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা ২০১০ অনুযায়ী বিদ্যমান পৌরসভা সম্প্রসারিত এলাকা নিয়ে ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। এরপর ২০১৯ সালের ২১ অক্টোবর ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার বিষয়টি এক নম্বর এজেন্ডায় রেখে নিকারের ১১৬তম বৈঠক অনুষ্ঠিত হয়। আর ওই বৈঠকে তিনটি বিধি-বহির্ভূত শর্ত জুড়ে দিলে ফরিদপুর সিটি কর্পোরেশন গঠনের প্রক্রিয়াটি বিলম্বিত হয়ে যায়।



















