নোবিপ্রবি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম
নবীনদের দক্ষ ও মানবিক নাগরিকে পরিণত হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
- আপডেট সময় : ০৬:৪২:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 19
শুধু প্রথাগত চাকরিপ্রার্থী না হয়ে নিজেদের দক্ষ, সৃজনশীল ও মানবিক নাগরিকে পরিণত করার জন্য নবীন শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। একইসঙ্গে নতুন বাংলাদেশ গঠনে আগামী দিনের উদ্ভাবক, উদ্যোক্তা ও বিজ্ঞানী হিসেবে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয় জীবনের গুরুত্ব তুলে ধরে জনপ্রশাসন উপদেষ্টা উল্লেখ করেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কেবল সনদ অর্জনের জায়গা নয়; এটি ভিন্ন দৃষ্টিভঙ্গিতে চিন্তা করা, নতুন উপায়ে সমস্যা সমাধান ও ভিন্নমতকে শ্রদ্ধার শিক্ষা দেয়। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল উচ্চ নম্বর অর্জন নয়, বরং মেধার সঙ্গে মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটানো, যেন শিক্ষার্থীরা সমাজ ও সাধারণ মানুষের প্রয়োজনে ভূমিকা রাখতে পারে।
দেশের সার্বিক লক্ষ্যমাত্রা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার প্রসারে বিশেষ জোর দিচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের মাথাপিছু আয় ২ হাজার ৮০০ ডলার থেকে বাড়িয়ে ৪ হাজার ৫০০ ডলারে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে তরুণদের মেধা ও দক্ষতাকে কাজে লাগানোর পাশাপাশি জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগকে স্মরণে রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করার তাগিদ দেন তিনি।
শিক্ষকদের গবেষণামুখী হওয়ার পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, গবেষণার ফল যেন শুধু একাডেমিক কাগজে সীমাবদ্ধ না থেকে স্থানীয় সমস্যা সমাধান ও মানবকল্যাণে সরাসরি কাজে আসে—সেদিকে নজর দেওয়া জরুরি। কৃষি, পরিবেশ, প্রযুক্তি ও কর্মসংস্থানের মতো বাস্তবিক খাতে শিক্ষকদের নিবিড় গবেষণার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে সার্কিট হাউজ প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি।
উল্লেখ্য, ২০০১ সালে আইন পাসের পর ২০০৬ সালের ৬ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নোবিপ্রবির একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং একই বছরের ২২ জুন থেকে পাঠদান শুরু হয়।





















