মিছিল ও সমাবেশ শেষে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে
রাজপথে রিকশাচালকদের বিক্ষোভ : দাবি রিকশাস্ট্যান্ড দখলমুক্তর
- আপডেট সময় : ০৯:৪৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 17
ফরিদপুরে রাজপথে নেমে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ের নির্ধারিত বিভিন্ন রিকশাস্ট্যান্ড অবৈধ দখলমুক্ত করার দাবি জানিয়েছেন জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আলিপুরের মোড়ে ইমামউদ্দিন স্কয়ার এ দাবিতে তারা বিক্ষোভ মিছিল বের করে। এরপর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌছে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সোহরাব হোসেন।
এরআগে তারা মিছিল নিয়ে ফরিদপুর প্রধান পোস্ট অফিসের সামনে সমাবেশ করে। জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন মোঃ সোহাগ, নুরুদ্দিন খান, আককাছ জমাদার, মোঃ রতন, মোঃ মুন্নু প্রমুখ।
বক্তারা বলেন, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে পৌরসভা কর্তৃপক্ষ বহু আগে থেকেই রিকশা দাড়ানোর জন্য রিকশাস্ট্যান্ড নির্ধারণ করে দিয়েছিলো। কিন্তু সময়ের বিবর্তনে সেগুলো বিভিন্ন উপায়ে বেদখল হয়ে গেছে। ফলে যত্রতত্র সড়কের উপরে রিকশা পার্কিং করতে হচ্ছে। এতে যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে রিকশাচালক ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়।
এর মধ্যে বিশেষ করে শ্যামলী পৌর মার্কেটের সামনে, তিতুমীর বাজার ১ নম্বর গেট রিকশাস্ট্যান্ড, থানার মোড় এবং হাজী শরীয়তউল্লাহ বাজারের রিকশাস্ট্যান্ড দ্রুত দখলমুক্ত করার দাবি জানান তারা।
























