সড়কে মৃত্যুর মিছিলে লোহাগড়ার সাংবাদিক কাজী আশরাফ
- আপডেট সময় : ০৯:৩১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 22
ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে সাংবাদিক কাজী আশরাফ (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অনিক নামে মোটরসাইকেলের আরেক যাত্রী আহত হন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা- খুলনা মহাসড়কের মনসুরাবাদ নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর মহল্লার বাসিন্দা কাজী শামসুর রহমানের ছেলে। তিনি এশিয়ান টিভি ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, রোববার সকালে মোটরসাইকলে কাজী আশরাফ ঢাকা–খুলনা মহাসড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। ভাঙ্গার মুনসুরাবাদ নামকস্থানে ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলে থাকা কাজী আশরাফ ও মাহমুদুল হাসান অনিক নামে দুই যাত্রী আহত হন। আহতাবস্থায় তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে অবস্থা গুরুতর হওয়ায় কাজী আশরাফকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বেলা ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী মো. আক্তারুজ্জামান বলেন, দুর্ঘটনায় আহত কাজী আশরাফের বাঁ হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। তার পা, মাথা ও বুকে গুরুতর আঘাত ছিল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভাঙ্গা থেকে ঢাকা পাঠানো হয়। সেখানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২ টার দিকে তিনি মারা যান।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান বলেন, দোলা পরিবহনের ওই বাস ও মোটরসাইকেলটি ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। বাসের চালক পলাতক। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, চলতি বছরে ভাঙ্গা উপজেলার এক্সপ্রেসওয়ে এবং মহাসড়কে দুর্ঘটনায় এ পর্যন্ত ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেলো।




















