নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজন
জ্বালানির বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ১০:০৯:২১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / 69
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প ও বহুমুখী জ্বালানি উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীতে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও বাংলাদেশের ব্র্যান্ডিং নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। পরে বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেব যোগ দেন তিনি।
রাজধানীতে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও বাংলাদেশের ব্র্যান্ডিং অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আরো বলেন, একটি নির্দিষ্ট উৎসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে যুদ্ধ বা বৈশ্বিক সংকটের সময় অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। এ কারণে জ্বালানি খাতে বহুমুখীকরণের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি উৎস নিয়ে সরকার কাজ করছে। একই সঙ্গে সৌরবিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, এলএনজির নতুন উৎস এবং ব্লু ইকোনমির সম্ভাবনা নিয়েও কাজ চলছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভবনকে শতভাগ সৌরবিদ্যুতের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি দপ্তর ও স্থাপনায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে।
বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগের কথা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, এ খাতে চীন ও জাপানসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি এলএনজি আমদানির ক্ষেত্রেও একাধিক উৎস নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। তিনি বলেন, অর্থনৈতিক কূটনীতি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে সরকার কাজ করছে। বিনিয়োগকারীদের হয়রানি কমাতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ ব্যবস্থার আদলে নতুন উদ্যোগ নেয়া হয়েছে এবং ডিজিটাল সেবার পরিধিও বাড়ানো হচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশকে শুধু বন্যা, অবৈধ অভিবাসন বা বিভিন্ন সংকটের দেশ হিসেবে বিশ্বের সামনে তুলে ধরতে চায় না সরকার। বরং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি, অর্থনৈতিক সম্ভাবনা, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে চায়।
এদিকে, গতকাল শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের সুযোগ বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি নতুন যাত্রা, নতুন সম্ভাবনা ও নতুন আকাঙ্ক্ষার প্রতীক। এসময় তিনি বলেন, বিরোধীদল আন্দোলনের কোন ইস্যু না পেয়ে লংমার্চ শুরু করেছে। তারা নিজেরাও জানে দেশে কোন সমস্যা নাই। বিরোধী দল বলে দেশে তেল নেয়, তাহলে এত বড় লংমার্চ তারা কিভাবে হাজার হাজার গাড়ি নিয়ে করছে। এসব বিভ্রান্তি না ছড়িয়ে তিনি তাদেরকে সংসদে এসে কথা বলার অনুরোধ জানান।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরকান্দা উপজেলার এমএন একাডেমী স্কুল মাঠে গাছের চারা রোপন করেন। এরপর সেখান থেকে একটি র্যালী বের করে নগরকান্দা পৌরসভা বিভিন্ন সড়ক ঘুরে কুমার নদীর সামনে গিয়ে শেষ হয়। এরপর তিনি কুমার নদীতে মাছের পোনা অবমুক্ত করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত
সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা হাফেজ শরীফ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান প্রমুখ ।

















