ফরিদপুর স্টেডিয়ামে নেমে জনসভায় যান তারেক রহমান
- আপডেট সময় : ১২:৪৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 67
ফরিদপুরে তারেক রহমানের নির্বাচনী সফরকে কেন্দ্র করে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ ময়দানে জনসভার মঞ্চ প্রস্তুতির কাজ জোরেশোরে এগিয়ে চলছে। কাজ তদারকিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক কর্মতৎপরতা দেখা গেছে। মাঠের চারদিকে মাইক স্থাপন এবং তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরির কাজ চলছে। জেলা বিএনপির শীর্ষ নেতারা দফায় দফায় সভাস্থল পরিদর্শন করছেন।
জানা গেছে, বুধবার সকালে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঢাকা থেকে হেলিকপ্টারে প্রথমে যাবেন বরিশাল। এরপর বরিশাল থেকে দুপুর ১টার দিকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর ১টা ৪৫ মিনিটে রাজেন্দ্র কলেজ মাঠের জনসভায় তাঁর যোগ দেওয়ার কথা। জনসভা শেষে বিকেলেই তিনি ঢাকায় ফিরবেন।
দলের শীর্ষ নেতার ফরিদপুর সফর উপলক্ষে সকল স্তরের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মঙ্গলবার রাতে রাজেন্দ্র কলেজ মাঠে মঞ্চ তৈরির কাজ তদারকি করতে জেলা ও মহানগর বিএনপির শতাধিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জনসভাস্থলে যান ফরিদপুর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ ও ফরিদপুর-৪ আসনের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে জনসভাস্থল পরিদর্শন করেন ফরিদপুর-২ আসনের প্রার্থী শামা ওবায়েদ। এরপর রাত ৮টার দিকে জনসভাস্থল ঘুরে যান ফরিদপুর-১ আসনের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম।
জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন জানান, দুপুর পৌনে দুইটায় তারেক রহমান রাজেন্দ্র কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন। বরিশাল থেকে হেলিকপ্টারে এসে ফরিদপুর স্টেডিয়ামের হেলিপ্যাডে নামবেন তিনি। তাঁর আগমনকে কেন্দ্র করে ফরিদপুরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাজ সাজ রব বিরাজ করছে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দলমত–নির্বিশেষে সর্বস্তরের মানুষের মাঝে আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। ফরিদপুর ও আশেপাশের এলাকা থেকে লাখ লাখ মানুষ এই জনসভায় যোগ দেবেন। তাঁকে একনজর দেখার জন্য মানুষ অধীর অপেক্ষায় রয়েছেন।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিক মিতুল বলেন, এই জনসভা উপলক্ষে এ অঞ্চলের মানুষের মাঝে অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে। আমরা আশা করছি, আগামীকাল রাজেন্দ্র কলেজ মাঠ ছাড়িয়ে জনস্রোত পুরো শহরে ছড়িয়ে পড়বে।
প্রসঙ্গত, ফরিদপুরে তারেক রহমানের এটিই প্রথম রাজনৈতিক জনসভা। এর আগে তিনি গোপালগঞ্জে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় যোগ দিতে এসে ফরিদপুর সার্কিট হাউসে রাত যাপন করলেও কোনো জনসভায় অংশ নেননি।















