ফরিদপুরে যাত্রীবাহী বাস থেকে চাঁদা উঠানোর সময় আটক ৪
- আপডেট সময় : ১১:১৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 400
ফরিদপুরে যাত্রীবাহী বাস থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় চার যুবককে আটক করেছে পুলিশ। শহরের বাইপাস সড়কের মুন্সি বাজার এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে লাল ফ্লাগ দেখিয়ে যাত্রীবাহী বাস থামিয়ে তারা চাঁদার টাকা আদায় করছিলো।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাদেরকে আটক করে কোতয়ালী থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন ফরহাদ, দিলু, জুলফিকার ও মতি।
জানা গেছে, আটককৃতরা গত পনেরদিন যাবত ওই মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী পরিবহন বাস থেকে শ্রমিক কল্যাণের নামে একটি রশিদ দিয়ে চাঁদার টাকা আদায় করছিলেন। পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের এএসপি (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, যাত্রীবাহী পরিবহন থেকে টাকা আদায়ের সময় চারজনকে আটক করে কোতয়ালী থানায় নিয়ে আসা হয়েছে। তারা কি কারণে এই চাঁদার টাকা তুলছিলেন, সে বিষয় জানার জন্য বাস শ্রমিক নেতাদের ডাকা হয়েছে। অবৈধভাবে তারা চাঁদা তুলে থাকলে বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।













