সদরপুরে সড়কের নির্মাণকাজ পরিদর্শনে এমপি শহিদুল ইসলাম বাবুল
- আপডেট সময় : ০৮:৫১:০২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 306
ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতেররশি এলাকার পৃথক দুটি ভাঙা সড়কের নির্মাণকাজ সরেজমিন পরিদর্শন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
রোববার তিনি নির্মাণাধীন সড়ক দুটি পরিদর্শন করে কাজের সার্বিক অগ্রগতি ও গুণগত মান খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য কাজের মান সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদার এবং স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। তিনি গুণগত মান বজায় রেখে দ্রুত ও টেকসইভাবে সড়ক দুটির নির্মাণকাজ সম্পন্ন করে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এমপি শহিদুল ইসলাম বাবুল বলেন, দীর্ঘদিনের জনভোগান্তি দূর করতে এবং এই এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। জনগণের দুর্ভোগ লাঘব ও টেকসই অবকাঠামো উন্নয়নে তাঁর তদারকি ও কার্যকর উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
এদিকে দীর্ঘদিনের দুর্ভোগ শেষে সড়ক দুটির নির্মাণকাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং নির্ধারিত সময়ের মধ্যে সঠিক মান বজায় রেখে কাজ শেষ করার দাবি জানান।




















