হবিগঞ্জে হামলার প্রতিবাদে ফরিদপুরে এনসিপির বিক্ষোভ-সমাবেশ
- আপডেট সময় : ০৯:৫১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 34
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপিএর মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ দলটির নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলীপুরে অবস্থিত ‘জুলাই ৩৬’ মঞ্চের সামনে পৌছে প্রতিবাদ সমাবেশ করে।
এনসিপি ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব সাইফ খানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. বায়েজিদ আহমেদ শাহেদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা, ছাত্রশক্তির আহ্বায়ক সাইদুল ইসলাম প্রমুখ। এ সময় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাচ্চু শেখসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তাগণ হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।



















