শহীদ জান শরীফ মিঠুর মায়ের খবর নিলেন নায়াব ইউসুফ এমপি
জুলাই শহীদদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিলো জেলা ছাত্রদল
- আপডেট সময় : ০৮:৫৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 29
ফরিদপুরে জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সার্বিক খোঁজখবর নিয়েছে জেলা ছাত্রদল।
বুধবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন খান অনুর নেতৃত্বে শহরের আলীপুর গোরস্থানে জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করা হয়। পরে নেতৃবৃন্দ শহরের গোয়ালচামটে শহীদ জানশরীফ মিঠুর বাড়িতে গিয়ে শহীদ জান শরীফ মিঠুর কবর জেয়ারত করেন এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।
এসময় শহীদ জান শরীফ মিঠুর বয়োবৃদ্ধা মা তার নানা সমস্যার কথা জানানোর পর নেতৃবৃন্দ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের সাথে মোবাইল ফোনে তাকে কথা বলিয়ে দেন। চৌধুরী নায়াব ইউসুফ এমপি ধৈর্য সহকারে তার সমস্যার কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন।
এ সময় ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সহ-সভাপতি সোহান আল মাহমুদ, যুগ্ন সাধারণ সম্পাদক ইশতিয়াক রশদি ইশতি, প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম স্মরণ, দপ্তর সম্পাদক এনামুল করিম রেজা সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশ ও গণতন্ত্রের পক্ষে কাজ করতে অনুপ্রাণিত করবে।


















