অটোরিকশা চালক নাঈম হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন
ছিনতাইয়ের নেশায় সিরিয়াল কিলার হয়ে উঠে আপন দুই ভাই
- আপডেট সময় : ০৭:৪৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 214
মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে রায় ঘোষণার পর পুলিশী প্রহরায় নিয়ে যাওয়া হচ্ছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আমত শেখ ও সাগর মোল্যাকে। পাশের ছবিতে ২০২২ সালের ২১ এপ্রিল জেলা পুলিশের কার্যালয়ের সামনে ছিনতাই হওয়া অটোরিকশা সহ আসমত শেখ। ছবি- অগ্নিপ্রহর।
ফরিদপুরে নাঈম শেখ নামে একজন অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের মামলায় দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ফরিদপুরের জেলা ও দায়রা জজ (পারিবারিক আপিল আদালত) অশোক কুমার দত্ত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ড পাওয়ারা হলেন- সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের লোকমান খাঁর ডাঙ্গীর মুজিবুর শেখের ছেলে আসমত শেখ (২৩) ও তার সহযোগী সাগর মোল্লা।
এছাড়া এই মামলার অপর আসামী আশিক শেখকে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারে ২০২৪ সালের ৩০ মে ১০ বছরের সাজা দেওয়া হয়। ঘটনার সময় আশিকের বয়স ১৬ বছর হওয়ায় তার বিচার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নিষ্পত্তি করা হয় বলে জানা গেছে।
জানা গেছে, এ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আসমত এবং ১০ বছরের সাজাপ্রাপ্ত আশিক আপন দুই ভাই। ২০২২ সালের ২০ এপ্রিল সদর উপজেলার গজারিয়া থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করার পরেরদিন (২০২২ সালের ২১ এপ্রিল) বৃহস্পতিবার সকালে অম্বিকাপুর ইউনিয়নের গোয়ালেরটিলা গ্রামে আসামীদের বাড়ির মুরগির খোপের পাশে মাটি খুড়ে নাঈমের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, ২০২২ সালের ২০ মার্চ অটোরিকশা চালক নাইমকে ঘুড়তে যাবার কথা বলে বাড়ি ডেকে আনে আসামীরা। এরপর মাথায় আঘাত করে শ্বাসরোধ করে হত্যার পর বাড়িতে মুরগির খোপের পাশে মাটির গর্ত করে লাশ পুতে রাখে।
এছা্ড়া নাঈমকে হত্যার ১৮ দিন আগে ওই বছরেরই ২ মার্চ সাব্বির নামে আরো একজন অটোরিকশা চালককেও শ্বাসরোধ করে হত্যার কথা তখন স্বীকার করে তারা।
পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, অটোরিকশা চালক সাব্বিরকে হাত-পা বেধে শ্বাসরোধ করে হত্যা করে তার ব্যাটারীচালিত রিকশাটি ছিনতাই করে বিক্রির ১৮ দিন পরে তারা নাঈমকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে। সেসময় তাদের হেফাজত থেকে একটি ব্যাটারীচালিত রিকশাও উদ্ধার করা হয়।
এ মামলার তদন্ত শেষে একই বছরের ১৫ মে পুলিশ আসমত শেখ, সাগর মোল্যা ও আশিক শেখ নামে তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অপর আসামির বয়স কম হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তার বিচার হয়েছে।

















