এক্সপ্রেসওয়েতে ট্রাকের পিছনে প্রাইভেটকারের ধাক্কা: শিশু সহ নিহত ৫
- আপডেট সময় : ০৯:৪৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / 57
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রামে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহতদের মধ্যে এক শিশু সহ দু’জন নারী এবং দু’জন পুরুষ রয়েছেন।
মঙ্গলবার (২ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
হতাহতদের বাড়ি যশোর জেলায় বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি শিবচর হাইওয়ে থানা পুলিশ।
আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক এক শিশু বাচ্চাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম আন্ডারপাসের আগে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পিছনে পদ্মা সেতু হয়ে আসা একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা মারে। এতে প্রাইভেটকারটি ট্রাকের নিচে দুমড়েমুচড়ে আটকে যায়।
এতে ঘটনাস্থলেই নিহত হন প্রাইভেট কারে চালকসহ চারজন।
আহত হন আরও তিনজন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা প্রাইভেট কারের দরজা কেটে তাদের উদ্ধার করে।
তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তাদের মধ্যে এক শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়। সেখান থেকে চারজনের মৃতদেহ এবং তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। আমরা পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, আমরা খবর পেয়ে প্রাইভেট কারের দরজা কেটে ঘটনাস্থলে থেকে সাতজনকে উদ্ধার করি। তাদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই নিহত হন।












