কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে স্ত্রী হত্যা: স্বামীর আমৃত্যু কারাদণ্ড
- আপডেট সময় : ০৪:১৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / 29
ফরিদপুরে কেরোসিন গায়ে ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার তাম্বুলখানার জোছনা বেগম (২১) হত্যা মামলায় এ রায় ঘোষণা করেন ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত রাশেদ মোল্লা (৩১) সদর উপজেলার তাম্বুলখানা এলাকার লতিফ মোল্লার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালের মাঝামাঝি সময়ে পারিবারিকভাবে তাদের দুজনের বিয়ে হয়। বিয়ের পর ৫০ হাজার নগদ টাকা সহ টাকা স্বর্ণের চেইন ও কানের দুল বিক্রি করে স্বামী রাশেদকে যৌতুক দেওয়া হয়। রাশেদ এ টাকা মাদক সেবনে ব্যয় করতেন।
পরবর্তীতে ২০২০ সালের ১৬ জুলাই আবারো ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে না পেয়ে রাশেদ মোল্লা ঘরের মধ্যে জোছনা বেগমের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর ১৭ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় জোছনার বড় ভাই জলিল শেখ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী রায় ঘোষণার সত্যতা নিশ্চিত করে বলেন, এ মামলায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় যৌতুক নেওয়ার অপরাধে রাশেদকে আরো তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ না থাকায় আদালত রাশেদের ভাই হাসিব মোল্লাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলে তিনি জানান।














