বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে পবিত্র ফাতেহা শরিফ শুরু আজ
- আপডেট সময় : ০১:২৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / 119
বিশ্ব জাকের মঞ্জিলের পীর ছাহেব হজরত মাওলানা শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের ওফাত দিবস উপলক্ষে পবিত্র ফাতেহা শরিফ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল)। আর এতে অংশ নিতে দেশবিদেশের নানা প্রান্ত থেকে জাকেরান-আশেকান ও মুসুল্লিদের ঢল নেমেছে। সার্বিক শৃঙ্খলা রক্ষায় গ্রহণ করা হয়েছে ব্যাপক পদক্ষেপ।
দীর্ঘ প্রায় ৫৫ বছর যাবত ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল থেকে আপন মুর্শীদের থেকে লাভ করা রাসুলুল্লাহ (সাঃ) এর পবিত্র তরিকতের পদ্ধতিতে আপামর জনসাধারণকে ইসলামের শান্তির পথে দাওয়াত দিয়ে ২০০১ সালের ৩০ এপ্রিল দিবাগত রাতে বিশ্ব ওলী হযরত মাওলানা শাহসুফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেব কোটি কোটি মুরিদ সন্তানকে এতিম করে ওফাত লাভ করেন, দারুল বাকায় তাশরিফ রাখেন।
উক্ত বেদনা বিধুর ওফাত দিবস স্মরণে প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ব ওলী হযরত মাওলানা শাহসুফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেব কর্তৃক প্রতিষ্ঠিত সাম্প্রদায়িক সম্প্রীতি ও বিশ্বজনীন সৌহার্দের এক অন্যতম পবিত্র ভূমি আটরশীর খানকায়ে মুজাদ্দেদীয়া বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ-এ বিশ্ব ওলী হযরত মাওলানা শাহসুফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেব এর মহা পবিত্র ফাতেহা শরীফ পালিত হবে।
বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের সমন্বয়কারী এম এম শহিদুল ইসলাম (শাহীন) জানান, বৃহস্পতিবার বাদ মাগরিব পবিত্র ফাতেহা শরীফের অনুষ্ঠানমালা শুরু হয়ে পরের দিন শুক্রবার বিকেল পর্যন্ত চলবে। এসময় ফরজ ও সুন্নত এবাদতের পাশাপাশি এসময় পালন করা হবে তরিকতের নফল আমলসমূহ। গভীর রাত পর্যন্ত কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, জিকির আসগার এবং খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের ওফাত লাভের সময়কে নির্দিষ্ট করে রাত ১টা ৩৫ মিনিটের পূর্বমুহুর্তে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে। জাকেরদের মাঝে এই ক্ষণটি অত্যন্ত আবেগঘন এক পবিত্র সময়।
দেশের বিভিন্নপ্রান্ত ছাড়াও বিশ্বের নানান দেশ থেকে জাকেরান-আশেকান ও ধর্মপ্রাণ মুসলমানগণ পবিত্র ফাতেহা শরিফে যোগদানের উদ্দেশ্যে বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে সমবেত হতে শুরু করেছেন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পবিত্র ফাতেহা শরিফ উপলক্ষ্যে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সমবেতদের অবস্থান ও এবাদতবন্দেগির জন্য সামিয়ানা টাঙিয়ে তৈরি করা হয়েছে বিস্তীর্ণ থাকার জায়গা। তাদের থাকা-খাওয়া ও ওজু-গোসলের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।
এম এম শহিদুল ইসলাম (শাহীন) বলেন, মহান দরদী বিশ্ব ওলী হযরত মাওলানা শাহসুফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজানের মহাপ্রয়াণে জাকেরান আশেকানদের অন্তর চূর্ণ-বিচূর্ণ হয়েছে। অসংখ্য জাকেরানদের হৃদয় বিগলিত শোকশ্রুি ধরিত্রীকে প্লাবিত করেছে। এজন্য তাঁরা প্রতিবছর এই মহা পবিত্র ফাতেহা শরীফে সমবেত হয়ে এবাদত বন্দেগীতে শরীক হন।
তিনি আরো জানান, জামানার মহা কামেল বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান সাহেবের রুহানী দোয়া পাওয়ার জন্য, তিনার পবিত্র রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় এবারও উক্ত দিনে বিশ্ব জাকের মঞ্জিলে আশেকান-জাকেরান, ধর্মপ্রান মুসলমান, জাতি-ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে অসংখ্য মানুষ বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে উপস্থিত হবেন।
প্রাপ্ত সংবাদে ধারনা করা হচ্ছে যে, উক্ত ধর্মীয় অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক আশেকান-জাকেরান, ধর্মপ্রান মুমিন মুসলমানগণ গাড়ী, লঞ্চ, ট্রলারসহ অন্যান্য যানবাহনে বিভিন্ন পথে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে-এ উপস্থিত হবেন এবং যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সাথে মহা পবিত্র ফাতেহা শরীফ শেষে ১ মে তারিখে নিজ নিজ গন্তব্যে প্রত্যাবর্তন করবেন। এজন্য আশেকান-জাকেরান, ধর্মপ্রান মুমিন মুসলমান, অন্যান্য ধর্মের ভক্তবৃন্দ এবং দেশ-বিদেশের অতিথিদের জন্য তবারকের ব্যবস্থা, রাত্রিযাপনের ব্যবস্থা ও বিভিন্ন ধরনের যানবাহন রাখিবার জন্য পার্কিং লট করা হয়েছে। যেখানে রাত্রিকালীন নিরাপত্তার জন্য সার্চ লাইটের আলোয় আলোকিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, উপমহাদেশের প্রখ্যাত সুফী সাধক হজরত মাওলানা শাহ সুফী সৈয়দ খাজা ইউনুস আলী এনায়েতপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের নির্দেশে ১৩৫৪ বঙ্গাব্দে তাঁর খলিফা শাহ্সুফি খাজাবাবা ফরিদপুরী (কঃ ছেঃ আঃ) ছাহেব ফরিদপুরের আটরশীতে ইসলাম প্রচারে নিযুক্ত হন। সেদিন মাত্র সাড়ে ৬ টাকায় খেজুরের খোলের বেড়া ও ছনের ছাউনি দেয়া একটি ঘর ক্রয় করে সেখানে ‘জাকের ক্যাম্প’ প্রতিষ্ঠা করে ইসলাম প্রচারের কাজ শুরু করেন। কালের বিবর্তনে সেই জাকের ক্যাম্পই আজকের ‘বিশ্ব জাকের মঞ্জিল’। পীর কেবলাজানের আপন হাতে প্রতিষ্ঠিত বিশ্ব জাকের মঞ্জিল বর্তমানে পাক-ভারত উপমহাদেশের মধ্যে পবিত্র মদিনা শরীফের এক অনবদ্য মডেল হিসেবে গণ্য হয়ে আসছে। ইসলাম প্রচারের এই সুবিশাল প্লাটফর্ম মুক্তিকামী মানুষের কাছে শান্তি লাভের এক কেন্দ্রস্থল হিসেবে পরিগণিত হয়।













