প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর একান্ত সচিব হলেন মীর সোলাইমান
- আপডেট সময় : ০৬:১৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / 51
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের উপদেষ্টা (পূর্ণমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন) মো. ইসমাইল জবিউল্লাহর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মীর সোলাইমান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৯ম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০ টাকা) তাকে এই পদে নিয়োগ প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা যতদিন এই পদে অলংকৃত থাকবেন অথবা মীর সোলাইমানকে এই পদে রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। ফরিদপুরের সাবেক এই জেলা প্রশাসক ২০০৫ সালে বিএনপি সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এ ছাড়া তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি গত জাতীয় নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য ছিলেন এবং দলের ঘোষিত ‘৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নে দেশব্যাপী সক্রিয় ভূমিকা পালন করেন।
নবনিয়োগপ্রাপ্ত সহকারী একান্ত সচিব মীর সোলাইমান দীর্ঘ সময় ধরে ইসমাইল জবিউল্লাহর ঘনিষ্ঠ সহচর হিসেবে কাজ করছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গবেষণা সেল ‘বিএনআরসি’-র একজন গবেষণা সহযোগী।
ফরিদপুরের সদরপুর উপজেলার লোহারটেক গ্রামের মীর সোহরাব আলী ও হাজেরা বেগম দম্পতির সন্তান মীর সোলাইমান শিক্ষাজীবনে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেছেন।
তিনি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং বিএনপির কেন্দ্রীয় যোগাযোগ উপকমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জনপ্রিয় এই তরুণ সংগঠকের নিয়োগের খবরে ফরিদপুরসহ বিভিন্ন মহলে আনন্দের জোয়ার বইছে।









