‘‘আমরা যদি টিমওয়ার্ক করতে পারি, তবেই ফরিদপুর জেলাকে সুন্দর রাখতে পারব।’’
ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও এমপি বাবুল
- আপডেট সময় : ১০:৩৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 73
ফরিদপুরে দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তাদের জনভোগান্তি রোধে টিমওয়ার্কের প্রতি গুরুত্ব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও এমপি শহিদুল ইসলাম বাবুল। তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যাতে আর না বাড়ে, সে বিষয়ে সরকার সচেষ্ট আছে। বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যাতে আর না বাড়ে, সে বিষয়ে সরকার সচেষ্ট আছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে। মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের বিশেষ কোনো পরামর্শ থাকলে তা সরাসরি জানানোর আহ্বান জানান তিনি।
শুক্রবার বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “রমজান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের মনে শান্তি বজায় রাখা, যাতে তারা সুন্দরভাবে রোজা ও ঈদ পালন করতে পারে।”
প্রতিমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, “আমরা যদি টিমওয়ার্ক করতে পারি, তবেই ফরিদপুর জেলাকে সুন্দর রাখতে পারব। আপনারা আমাকে সহকর্মী হিসেবে বিবেচনা করবেন। যেকোনো সমস্যা সরাসরি আমাকে জানাতে পারেন।” মাদক নির্মূল প্রসঙ্গে তিনি বলেন, শুধু ঘরে বসে কথা বললে হবে না, আমাদের কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে। স্বল্প মেয়াদে অ্যাকশন দেখাতে হবে এবং দীর্ঘ মেয়াদে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।
শামা ওবায়েদ আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে, এই সরকার অনেক ত্যাগ ও সংগ্রামের পর ক্ষমতায় এসেছে। জনগণের এই সরকারের ওপর অনেক প্রত্যাশা, তাই একে হেলাফেলা করার কোনো সুযোগ নেই।”
সভায় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, “এই নির্বাচন ও পরিবর্তন সহজে আসেনি। এর পেছনে রয়েছে অনেক রক্ত, ঘাম ও আত্মত্যাগ। যে স্বপ্ন নিয়ে সাধারণ মানুষ ভোট দিয়েছে, তা যেন বৃথা না যায়।” তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মানুষ ইনসাফ ও ন্যায়বিচার চায়। প্রধানমন্ত্রী যে পরিবর্তনের সূচনা করেছেন, তা আপনাদের মাধ্যমেই বাস্তবায়ন করতে হবে।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












