মধুখালীতে “মিট দ্যা ডিসি” অনুষ্ঠানে জেলা প্রশাসক
‘‘শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে’’
- আপডেট সময় : ০৯:১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 50
এসএসসিতে জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের জীবনের প্রথম ধাপের একটি বড় সাফল্য উল্লেখ্য করে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেছেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না। শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে হবে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে জীবনের অংশ করে নিতে হবে।
মঙ্গলবার (২ে৫ আগস্ট) দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ‘মিট দ্য ডিসি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম একথা বলেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, তোমাদের সামনে এখন আরও গুরুত্বপূর্ণ সময়। আগামী দুই বছর এইচএসসি পর্যায়ের পড়াশোনায় তোমাদের অত্যন্ত মনোযোগী হতে হবে। এসময়ে ভালোভাবে পড়াশোনা করে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারলে ভবিষ্যৎ পথচলা কঠিন হয়ে যেতে পারে। তিনি বলেন, জেলা প্রশাসক শিক্ষার্থীদের স্বপ্ন বড় করার আহ্বান জানিয়ে বলেন, তোমাদের প্রত্যেকের জীবনে একটি লক্ষ্য থাকা দরকার। সেই লক্ষ্য অর্জনের জন্য এখন থেকেই সময়ের সঠিক ব্যবহার করতে হবে। মেধা ও পরিশ্রমের মাধ্যমে তোমরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে।
মধুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার প্রমুখ। সঞ্চালনা করেন মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আওয়াল আকন।
অনুষ্ঠানে উপজেলার ৭১ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও প্রত্যেক শিক্ষার্থীর হাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘সঞ্চিতা’ এবং একটি করে বৃক্ষের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মধুখালী উপজেলার ৫৩টি উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।


















