প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে চিঠি প্রেরণ করা হয়েছে
সালথায় পাটকল স্থাপনে অগ্রগতি জানতে চেয়ে চিঠি
- আপডেট সময় : ০৯:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 357
ফরিদপুরের সালথা উপজেলায় একটি আধুনিক পাটকল (জুট মিল) স্থাপনের অগ্রগতি প্রেরণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে চিঠি প্রেরণ করা হয়েছে। গত ২৮ জুলাই সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সেলের সদস্যসচিব চিঠিটি ইস্যু করেন।
রোববার সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবিরউদ্দিন ফেসবুকে এ দাপ্তরিক পত্রটি পোস্ট করলে বিষয়টি জানা যায়।
চিঠিতে বলা হয়, সালথা উপজেলায় একটি আধুনিক পাটকল স্থাপনের জন্য ২১২, ফরিদপুর-২ এর সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রধানমন্ত্রীর বরাবর একটি আবেদন করেছেন। এমতাবস্থায় সালথায় একটি আধুনিক জুটমিল স্থাপনের জন্য ডিওপত্র অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক এ বিষয়ে গৃহিত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রেরণের জন্য অনুরোধ করা হয়।
জানা গেছে, গত ২০ জুলাই ফরিদপুর-২ এর সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রধানমন্ত্রীর বরাবর সালথায় একটি আধুনিক জুটমিল স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর নিকট একটি আবেদন করেন।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবিরউদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এটি অত্যন্ত ইতিবাচক অগ্রগতি। সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করবে। স্থানীয়ভাবে পাটভিত্তিক শিল্প গড়ে উঠলে কৃষক, শ্রমিক ও ব্যবসায়ী সবাই উপকৃত হবেন।


















