সদরপুরে নির্যাতিতা স্কুলছাত্রীর বাড়িতে এমপি শহিদুল ইসলাম বাবুল
- আপডেট সময় : ১০:৪৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / 359
ফরিদপুরের সদরপুরের ভাষাণচরে রাতের গভীরে বাড়িতে হানা দিয়ে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনার যথাদ্রুত তদন্তসাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
শনিবার দুপুরে তিনি ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর বাড়িতে যান। এসময় তিনি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন।
এসময় শহিদুল ইসলাম বাবুল এমপি বলেন, এটি একটি ভয়ংকর অপরাধ হয়েছে। এই অপরাধের কোনো ক্ষমা নাই। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই অপরাধের দৃস্টান্তমুলক শাস্তি নিশ্চিত করবো। তিনি বলেন, এমন জঘন্য ও পাশবিক অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধী যে-ই হোক, তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ভুক্তভোগী পরিবার যেন দ্রুততম সময়ে ন্যায়বিচার পায়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই অপরাধীদের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করব।”
এছাড়াও শনিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নির্যাতিত পরিবারটির সঙ্গে কথা বলেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার আশ্বাস দেন।
এ ঘটনায় শুক্রবার ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে সদরপুর থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং আরও ৬–৭ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ বলেন, ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


















