ফরিদপুর ডিবিতে যোগদানের ৩ দিনের মাথায় বদলী ওসি রাকিবুল
- আপডেট সময় : ০৭:৪৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / 46
ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদানের মাত্র তিন দিনের মাথায় বদলি হয়েছেন পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ রাকিবুল ইসলাম। তাকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। গত সোমবার (২৯ জুন) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এর আগে, গত ২৬ জুন (শুক্রবার) তাকে ফরিদপুর ডিবিতে পদায়ন করা হয়েছিল।
পুলিশ সদর দপ্তরের প্রজ্ঞাপনে এই বদলিকে ‘প্রশাসনিক কারণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। আদেশ অনুযায়ী, আগামী ৮ জুলাইয়ের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ৯ জুলাই থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।
অনুসন্ধানে জানা গেছে, গত দুই বছরে এ নিয়ে মোট পাঁচবার বদলি হলেন রাকিবুল ইসলাম। এই সংক্ষিপ্ত সময়ে তাকে ঢাকা রেঞ্জ থেকে বরিশাল রেঞ্জ, সেখান থেকে পুনরায় ঢাকা রেঞ্জ, এরপর ট্যুরিস্ট পুলিশ, আবার ঢাকা রেঞ্জ এবং সর্বশেষ ফরিদপুর থেকে খুলনা রেঞ্জে বদলি করা হলো।
হঠাৎ এই বদলিতে বিস্ময় প্রকাশ করেছেন মোহাম্মদ রাকিবুল ইসলাম নিজে। তিনি বলেন, “ফরিদপুরে যোগ দেওয়ার পর মাত্র কয়েকটা দিন দায়িত্ব পালন করেছি। এই সময়ে কোনো অভিযানও চালানো হয়নি, কোনো অনৈতিক কাজে জড়ানোর প্রশ্নই আসে না। প্রশাসনিক কারণ দেখিয়ে কেন এত দ্রুত বদলি করা হলো, তা নিয়ে আমি নিজেই বিস্মিত।”
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফাতেমা ইসলাম জানান, “বিষয়টি সম্পূর্ণ পুলিশ হেডকোয়ার্টার্সের এখতিয়ারভুক্ত। বদলির সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তারাই ভালো বলতে পারবেন।”










