শুধু উচ্চশিক্ষিত হলেই হবেনা, একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে
কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে যশোর পুলিশ সুপার
- আপডেট সময় : ১২:৩৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / 49
বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি কর্তৃক পরিচালিত “আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫” প্রদান অনুষ্ঠান গত বৃহস্পতিবার যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর ও অনুপ্রেরণামূলক পরিবেশে পরিপূর্ণ এ অনুষ্ঠানে যশোর পুলিশ লাইন স্কুল হতে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১৫ জন শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও অর্থ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, “শুধু উচ্চশিক্ষিত হলেই হবে না, একজন ভালো মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে। সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধই একজন মানুষের প্রকৃত পরিচয়।”
তিনি আরও বলেন, “মা-বাবাই সন্তানের জীবনের সবচেয়ে বড় বন্ধু ও অভিভাবক। জীবনে সফল হতে হলে সর্বপ্রথম মা-বাবাকে সম্মান করতে হবে এবং তাঁদের প্রতি দায়িত্বশীল থাকতে হবে।” শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও উল্লেখ করেন, “তোমরাই তোমাদের স্কুলের গর্ব ও সম্পদ। তোমাদের সাফল্যের মাধ্যমেই শিক্ষা প্রতিষ্ঠান ও জেলার সুনাম বৃদ্ধি পায়। তাই স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেকে প্রস্তুত করো।”
অনুষ্ঠানে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি এর সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।















