৩ ভরি সোনা নিয়ে বাড়ি থেকে বের হয়ে ৩ দিন পর মিললো গৃহবধূর মৃতদেহ
- আপডেট সময় : ০২:০৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 23
ফরিদপুরের সদরপুরে স্বর্ণ নিয়ে বাড়ি থেকে বের হওয়ার তিনদিন পর জোসনা বিশ্বাস (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুরে সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর গ্রামের শিকদার বাড়ির পুকুরপাড়ে একটি গাব গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
এরপর সদরপুর থানা পুলিশ সেটি উদ্ধার করে মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য।
পারিবারিক ও থানার জিডি সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল দুপুর আড়াইটার দিকে জোসনা বিশ্বাস তাদের বাড়ি থেকে প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণ নিয়ে সদরপুর বাজারের উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। এ ঘটনায় তার মেয়ে সাধনা বিশ্বাস ও ছেলে অমিত বিশ্বাস শুক্রবার সকালে সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং-১৩০৮।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে গ্রামের দুই শিশু পুকুরপাড়ের একটি গাব গাছে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি দেখতে পায়। পরে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়।
সদরপুর থানার এসআই মো. আফজাল হোসেন পুলিশের ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এসআই মো. আফজাল হোসেন বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।















