তেল না পেয়ে ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা: নড়াইলে সব পাম্প বন্ধ
- আপডেট সময় : ০৪:৩৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / 35
নড়াইলে তেল না পেয়ে এক পেট্রোল পাম্পের ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জেলার সব তেল পাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) দুপুরে পাম্প বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলা তেল পাম্প মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিটু।
এর আগে শনিবার রাতে নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের পাশে তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে (৩৩) হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।
জানা গেছে, শনিবার রাতে তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ট্রাকের ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা। পাম্পে তেল না থাকায় তেল দিতে পারেন না পাম্প ম্যানেজার নাহিদ সরদার। তেলা না পেয়ে ট্রাক চালকের সঙ্গে বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডের এক পর্যায়ে ট্রাকচালক জহুর ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা করার হুমকি দেন।
পরে রাত ২টার দিকে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম পেড়লীর যাচ্ছিলেন ম্যানেজার নাহিদ ও কর্মচারী জিহাদ। পাম্প থেকে ১০০ গজ দূরে গেলে পেছন দিয়ে এসে ট্রাকচালক জহুর তার গাড়ি লক্ষ্য করে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাম্প ম্যানেজার নাহিদ সরদার মারা যান। মারাত্মক আহত অবস্থায় জিহাদ মোল্যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার দিবাগত রাতে বাকবিতণ্ডার পরও ওই ট্রাকচালক পাম্পেই অবস্থান করেন। রাত ২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দ্যেশে মোটরসাইকেলযোগে সহকর্মী জিহাদকে নিয়ে পাম্প থেকে বের হন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায় ট্রাকটিকে।
ঘটনার পর ট্রাকচালক সুজাত মোল্যা ট্রাকসহ পালিয়ে গেছে। তার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
সাইফুল ইসলাম হিটু বলেন, ‘তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ হত্যার ঘটনায় নড়াইল জেলার ১০টি পাম্প একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।’
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী বলেন, ‘নাহিদ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ট্রাক চালক সুজাতসহ ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।’













