ইসরায়েলের পরমাণু কেন্দ্রের কাছে ইরানের মিসাইল হামলা, কাতারে হেলিকপ্টার বিধ্বস্ত
- আপডেট সময় : ০৬:১৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / 75
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত এক বিধ্বংসী রূপ নিয়েছে। গত এক ঘণ্টায় পাওয়া পৃথক তিনটি বড় ঘটনায় পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েলের পারমাণবিক স্থাপনার নিকটবর্তী শহরসহ বিভিন্ন জনপদে ইরানের নজিরবিহীন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া গেছে।
ইসরায়েলের পরমাণু স্থাপনার কাছে ইরানের হামলা: আহত ১৬০
শনিবার রাতে ইসরায়েলের আরাদ ও দিমোনা শহরে নজিরবিহীন মিসাইল হামলা চালিয়েছে ইরান। উল্লেখ্য, দিমোনা শহরটি ইসরায়েলের অত্যন্ত সংবেদনশীল পারমাণবিক স্থাপনার সন্নিকটে অবস্থিত। হামলায় অন্তত ১৬০ জন আহত হয়েছেন। এর মধ্যে আরাদ শহরে ৮৪ জন এবং দিমোনায় ৭৮ জন চিকিৎসাধীন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, পারমাণবিক গবেষণাকেন্দ্রের কোনো ক্ষতি হয়েছে কি না তা এখনো নিশ্চিত নয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তাদের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতেই এই আক্রমণ চালানো হয়েছে।
আরাদ শহরে ধ্বংসযজ্ঞ: ধসে পড়েছে আবাসিক ভবন
নেগেভ মরুভূমির রক্ষণশীল ইহুদি অধ্যুষিত শহর আরাদে ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। এতে দুটি বহুতল আবাসিক অ্যাপার্টমেন্ট ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ও আংশিক বিধ্বস্ত হয়েছে। ইসরায়েলের অভেদ্য বলে পরিচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কীভাবে ভেদ করে এই মিসাইলগুলো আঘাত হানল, তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।
কাতারে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৬
এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিয়মিত ডিউটি পালনকালে যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ৭ আরোহীর মধ্যে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ২ জন বেসামরিক তুর্কি নাগরিক এবং ১ জন তুর্কি সেনাসদস্য রয়েছেন। যদিও একে ‘দুর্ঘটনা’ বলা হচ্ছে, তবে গত সপ্তাহে কাতারের গ্যাস স্থাপনায় ইরানের হামলার প্রেক্ষাপটে এই ঘটনাটিকে বিশেষ নজরে দেখছে বিশ্লেষকরা।
মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আর কেবল সীমান্ত সংঘর্ষে সীমাবদ্ধ নেই; বরং তা পারমাণবিক স্থাপনা এবং আন্তর্জাতিক সামরিক ঘাঁটির দিকে মোড় নিচ্ছে, যা বিশ্বব্যাপী আধিপত্য বিস্তার করে আসা ইঙ্গো-মার্কিন সাম্রাজ্যের এককাধিপত্য পতনের এক অশনি সংকেত বলে মনে করছেন অনেকে।














