জনসম্মুখে সৌদি প্রবাসীকে মাইক্রোবাসে তুলে নিয়ে কুপিয়ে ফেলে গেলো দুর্বৃত্তরা
- আপডেট সময় : ০২:৩৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / 218
শহরের পুরাতন বাসস্ট্যান্ডে রাস্তার পাশে সৌদি প্রবাসীকে কুপিয়ে এভাবেই ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ছবি- অগ্নিপ্রহর
শশহরের পুরাতন বাসস্ট্যান্ডে বাসে ওঠার সময় এক ব্যক্তিকে অপহরণ করে একটি মাইক্রোবাসে তুলে কুপিয়ে আহত করার পর রাস্তার পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় ওই ব্যক্তিকে রাস্তার পাশে কাতরাতে দেখে উপস্থিত জনতা উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরে ঘটনাস্থলে একটি চাইনিজ কুড়াল পড়ে থাকতে দেখা যায়।
জানা যায়, ওই ব্যক্তির নাম মহসিন মোল্লা (৪৫)। তিনি একজন সৌদি প্রবাসী। বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চরকান্দা গ্রামে। তিনি ওই গ্রামের রাজিব মোল্লার সন্তান। পূর্ব শত্রুতার জের ধরে তাকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আহত মহসিন মোল্লা ফরিদপুরে একটি মামলার বিষয়ে এসেছিলেন। সন্ধ্যায় বাড়ি ফেরার জন্য তিনি পুরাতন বাসস্ট্যান্ডে ভাঙ্গাগামী একটি লোকাল বাসে ওঠছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে ধরে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেয়। এরপর মাইক্রোবাসের মধ্যেই উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে কাতরাতে দেখে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
প্রাপ্ত অভিযোগো জানা যায়, স্থানীয় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকেরা তাঁর উপর এই হামলা চালায়। এদিকে, এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।
এ ব্যাপারে ফরিদপুরের কোতয়ালী থানার এসআই মোঃ সেলিম জানান, এ খবর জানতে পেরে বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছে পুলিশ। আহত মোহসিন মোল্লা সুস্থ হয়ে উঠলে তার কাছ থেকে ঘটনার বিষয়ে বিস্তারিত জবানবন্দি গ্রহণ করা হবে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া ইতোমধ্যে চলমান রয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।












