এমপি শহিদুল ইসলাম বাবুলের পিএ নিযুক্ত হলেন মিজানুর রহমান মিন্টু
- আপডেট সময় : ১২:১৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / 62
দীর্ঘদিন রাজপথের লড়াই-সংগ্রাম ও রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে বিশ্বস্ততার স্বাক্ষর রাখার পর, জাতীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে নিযুক্ত হয়েছেন সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিন্টু। সম্প্রতি সংসদ সচিবালয়ের এক পত্রে তার এই নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
গত ১৪ মার্চ সংসদীয় সচিবালয়ের ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস-এর ব্যক্তিগত কর্মকর্তা গোলাম কিবরিয়া স্বাক্ষরিত একটি পরিচয়পত্র প্রদানের মাধ্যমে তার এই নতুন দায়িত্বভার গ্রহণের বিষয়টি জানাজানি হয়। মিন্টুর এই সাফল্যে তার রাজনৈতিক সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।
একজন দক্ষ সংগঠক ও মেধাবী ছাত্র হিসেবে মিজানুর রহমান মিন্টুর পরিচিতি দীর্ঘদিনের। তিনি ফরিদপুরের বিলনালিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ করে ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেন। পরবর্তীতে ধানমন্ডি ল’ কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া সাংবাদিকতা ও প্রকাশনা জগতেও তার বিচরণ রয়েছে; তিনি ‘দৈনিক বিজয়ের আলো’ ও ‘সাপ্তাহিক গোয়েন্দা খবর’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং কৃষকদলের সাবেক সফল সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দীর্ঘ রাজনৈতিক পথচলায় মিজানুর রহমান মিন্টু ছিলেন একজন নিবেদিতপ্রাণ কর্মী। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথের লড়াইয়ে তার সক্রিয় ভূমিকা ও বিশ্বস্ততার পুরস্কার হিসেবেই তাকে এই গুরুত্বপূর্ণ পদে আসীন করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এক প্রতিক্রিয়ায় মিজানুর রহমান মিন্টু মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন:
”আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি এই দায়িত্ব পেয়েছি। আমি ফরিদপুর-৪ আসনের অভিভাবক মোঃ শহিদুল ইসলাম বাবুল ভাই ও উনার সহধর্মিণীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
বিশেষ করে তিনি ‘লাজ ভাবি’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিন্টু বলেন, সঠিক দিকনির্দেশনা এবং নিরন্তর উৎসাহ দিয়ে তিনি পথচলাকে সুগম করেছেন। এছাড়া নিজের সহধর্মিণী, রাজনৈতিক সহযোদ্ধা এবং বন্ধু-শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি আপনাদের সবার ভালোবাসা ও দোয়ার ফল। আমি যেন নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করতে পারি, সেজন্য দোয়া চাই।”














