মোটরসাইকেল ও কিস্তির টাকা গায়েব! তদন্তে পুলিশ
ভাঙ্গায় আহত এনজিওকর্মীর মৃত্যু; দুর্ঘটনা, না অন্য কিছু?
- আপডেট সময় : ০২:২৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 42
ফরিদপুরের ভাঙ্গায় মসজিদে আছরের নামাজ আদায় করে কিস্তির টাকা সংগ্রহে বের হওয়া
এক এনজিও কর্মীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। ভাঙ্গা থেকে তাঁকে বরিশালের একটি হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। তাঁর এই মৃত্যুকে ঘিরে গভীর রহস্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজের পর তার ব্যবহৃত মোটরসাইকেলটি সন্ধান মিলছে না। পাওয়া যাচ্ছে না তার কাছে থাকা কিস্তির টাকাও।
নিহত এনজিওকর্মী আব্দুত তোহা (৩০) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার করিম মোল্লার ছেলে। তিনি টিএসএমএস নামের একটি এনজিওতে কর্মরত ছিলেন।
জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের রায়পাড়ার মিনার মসজিদে আছরের নামাজ আদায় করে আব্দুত তোহা পূর্ব হাসানদিয়ায় সালমা নামে এক গ্রাহকের বাড়িতে কিস্তির টাকা আদায় করতে যান।
এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় একজন ভ্যানচালক তাকে আহতাবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রেখে ওই ভ্যানচালক দ্রুত সেখান থেকে চলে যান। পরে তোহার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা তাকে বরিশালে নিয়ে একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আব্দুল তোহার মৃত্যুর পর তাঁর মোটরসাইকেলটি পাওয়া যায় যায়নি। মোটরসাইকেলটি কোথায় গেল— এ প্রশ্নের কোনো উত্তর এখনো মেলেনি।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ভ্যানচালকই বা কে? তিনি কোথা থেকে তোহাকে উদ্ধার করেছিলেন? কীভাবে তিনি আহত হলেন? আর হাসপাতালে পৌঁছে কোনো পরিচয় না দিয়েই কেন চলে গেলেন—এসব প্রশ্নও ঘুরপাক খাচ্ছে।
এ ছাড়া আব্দুল তোহার কাছে থাকা কিস্তির টাকাও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার সহকর্মীরা। ফলে ঘটনাটি নিছক সড়ক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে—তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও সন্দেহ।
টিএসএমএসের সহকর্মী রিয়াজ হোসেন বলেন, “আব্দুল তোহা রায়পাড়া মিনার মসজিদে আছরের নামাজ পড়ে পূর্ব হাসামদিয়ার সালমার বাড়িতে কিস্তির টাকা আনতে যান। এরপর কীভাবে তিনি আহত হয়েছেন, সে বিষয়ে এখনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। তার মোটরসাইকেলও পাওয়া যাচ্ছে না। তার কাছে কিস্তির টাকা ছিল, সেই টাকাও পাওয়া যাচ্ছে না। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হোক।”
স্থানীয়দেরও দাবি, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে দ্রুত আহত আব্দুত তোহাকে হাসপাতালে নিয়ে আসা ভ্যানচালককে সনাক্ত করতে হবে। পাশাপাশি ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ, নিহতের মোবাইল ফোনের কললিস্ট ও লোকেশন যাচাই এবং নিখোঁজ মোটরসাইকেল উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ভাঙ্গা থানার এসআই আফজাল হোসেন বলেন, “ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। এটি নিছক সড়ক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।”
এদিকে আব্দুল তোহার মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জোরালো হয়েছে।



















