ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পরিবেশ সবুজায়নের আহ্বান চৌধুরী নায়াব ইউসুফ এমপি
- আপডেট সময় : ১১:০২:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / 46
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
রোববার (২০ জুলাই) সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাট এলাকার সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি চৌধুরী নায়াব ইউসুফ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, সরকারের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় ফরিদপুর সদর আসনের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। একটি গাছ শুধু প্রকৃতিকে সবুজ করে না, মানুষের জীবন, জীবিকা ও জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় তিনি সদর আসনের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি পরিবার যদি নিজেদের বাড়ির আঙিনা বা খালি জায়গায় অন্তত একটি করে গাছ লাগায়, তাহলে সবুজায়নের লক্ষ্য অর্জন অনেক সহজ হবে।
কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় এই বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।






















