মেসি-ইয়ামালের সেই ঐতিহাসিক ছবির সত্যতা নিশ্চিত করল ইউনিসেফ
অগ্নিপ্রহর ডেস্ক:
- আপডেট সময় :
০৮:৪৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / 94
টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যেখানে শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের মুখোমুখি হবে ইউরোপের বর্তমান সেরা দল স্পেন। মহাকাব্যিক এই ফাইনাল নিশ্চিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি তুমুল সাড়া ফেলেছে। ছবিতে দেখা যাচ্ছে, কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি একটি ছোট্ট শিশুকে গোসল করিয়ে দিচ্ছেন। অবিশ্বাস্য হলেও সত্য, সেই শিশুই আজকের স্প্যানিশ ফুটবলের নতুন বিস্ময় লামিনে ইয়ামাল।
শুরুতে অনেকেই ছবিটিকে ভুয়া কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে মনে করেছিলেন। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ নিশ্চিত করেছে যে, ছবিটি কোনো প্রযুক্তির কারসাজি নয়, বরং শতভাগ বাস্তব।
ঘটনাটি ২০০৭ সালের। বার্সেলোনার ঐতিহ্যবাহী স্টেডিয়াম ক্যাম্প ন্যু-এর ড্রেসিংরুমে ইউনিসেফের একটি দাতব্য ক্যালেন্ডারের ফটোশুটের আয়োজন করা হয়েছিল। সেখানে পোজ দেওয়ার অংশ হিসেবেই ২০ বছর বয়সী তরুণ লিওনেল মেসি এই ফুটফুটে শিশুকে গোসল করিয়ে দিয়েছিলেন।
সম্প্রতি ইউনিসেফ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঐতিহাসিক ছবিটি শেয়ার করে এর সত্যতা নিশ্চিত করেছে। ক্যাপশনে তারা জানায়, “হ্যাঁ, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়ানো ছবিগুলো একদম সত্য ও বাস্তব।”
সংস্থাটি আরও জানায়, প্রায় ১৮ বছর আগে ইউনিসেফের একটি তহবিল সংগ্রহের ফটোশুটে শিশু লামিনে ইয়ামাল ও তার মা শিলার সাথে লিওনেল মেসির দেখা হয়েছিল।
ইউনিসেফ তাদের পোস্টে মেসি ও ইয়ামালের প্রশংসা করে লিখেছে, “আজ খেলার মাঠে তাদের অভাবনীয় সাফল্য বিশ্বজুড়ে লাখো মানুষকে অনুপ্রাণিত করছে। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও তারা দুজনে ইউনিসেফের ‘গুডউইল অ্যাম্বাসেডর’ বা শুভেচ্ছাদূত হিসেবে শিশুদের অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করে যাচ্ছেন।”
প্রতিটি শিশুর সুন্দরভাবে বেঁচে থাকা, বেড়ে ওঠা এবং নিজের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যেই ইউনিসেফ কাজ করে। আর এই মহৎ যাত্রায় মেসি ও ইয়ামালের মতো তারকাদের নিজেদের দলে পেয়ে গর্ব প্রকাশ করেছে বিশ্ব সংস্থাটি।
শেয়ার করুন