মধুখালীতে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত
- আপডেট সময় : ১০:০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / 55
ফরিদপুরের মধুখালীতে মোটরসাইকেল ও ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে তামিম মিয়া (২৫) ও শিমলা বেগম (২২) নামে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আলতু খান জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম মিয়া উপজেলার মেগচামী ইউনিয়নের আশাপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও তার স্ত্রী শিমলা বেগম একই গ্রামের আব্দুল ওহাব মল্লিকের মেয়ে। তাদের নাফিসা নামে ৬ মাসের একটি কণ্যা সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী একটি মোটরসাইকেলে মধুখালী থেকে ফরিদপুরের দিকে যাওয়ার সময় একটি ইটবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তামিম মিয়া নিহত হন।
গুরুতর আহত শিমলাকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহুরুল ইসলাম বলেন, ওই দম্পতি মোটরসাইকেলে করে ফরিদপুরে যাওয়ার পথে একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তামিম মিয়া মারা যান। শিমলাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।












