ফরিদপুরে ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা: কিচেনে মিলল ক্ষতিকর কেমিক্যাল
- আপডেট সময় : ১০:২০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 27
অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের দায়ে ফরিদপুরের জনপ্রিয় রেস্তোরাঁ ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ছবি- অগ্নিপ্রহর
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের দায়ে ফরিদপুরে ‘কাচ্চি সুলতান’ নামে একটি রেস্তোরাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতে।
বুধবার দুপুরে জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয় এবং নিরাপদ খাদ্য অফিসের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তন্ময় ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, ‘কাচ্চি সুলতান’ হোটেলের রান্নাঘরে আকস্মিক তল্লাশিকালে দেখা যায়, খাবার প্রস্তুতে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ও অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। এছাড়া খাদ্য প্রস্তুত ও পরিবেশনের কাজে নিয়োজিত কর্মীদের কোনো স্বাস্থ্য সনদ নেই এবং নিরাপদ খাদ্য আইনের একাধিক ধারা লঙ্ঘন করে অত্যন্ত নোংরা পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল।
এসময় ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আজমুল ফুয়াদ রিয়াদ। এছাড়াও জেলা স্যানিটারি ইন্সপেক্টর, বিএসটিআই প্রতিনিধি এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষায় এবং খাদ্যে ভেজাল রোধে শহরের প্রতিটি খাদ্য প্রতিষ্ঠানে এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।







