গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা
- আপডেট সময় : ১০:৩৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 15
আসন্ন নির্বাচন ও গণভোট বাংলাদেশের রাজনৈতিক কাঠামোয় এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশ পাল্টে যাবে এবং দেশে আর কখনোই অপশাসন ফিরে আসবে না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সচিবদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ (গেট টুগেদার) অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “অতীতে যেসব নির্বাচন হয়েছে, সেগুলো ছিল প্রকৃত অর্থে ‘ভুয়া নির্বাচন’। তবে দুই দিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এবারের নির্বাচন হবে সম্পূর্ণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ। আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি।”
নির্বাচনে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ড. ইউনূস জানান, ভোটারদের সহায়তায় বিশেষ অ্যাপ, ৪৩ হাজার ভোটকেন্দ্রের নিরাপত্তা পর্যবেক্ষণে আলাদা অ্যাপ এবং ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’ চালু করা হয়েছে। এছাড়া স্বচ্ছতা নিশ্চিতে ২৫ হাজার ৭০০টি বডি ওর্ন ক্যামেরা ও সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, বিপুল সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষকের আগমন প্রমাণ করে যে, বাংলাদেশের গণতন্ত্রের ওপর বিশ্ব সম্প্রদায়ের আস্থা ফিরে এসেছে।
প্রবাসীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, প্রথমবারের মতো প্রবাসীরা সরাসরি দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়েছেন, যা তাদের ভূমিকাকে আরও মর্যাদাপূর্ণ করেছে। এছাড়া জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির ফলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ও বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিগত ১৮ মাসে ১৩০টি অধ্যাদেশ জারি ও বাস্তবায়নে সহযোগিতার জন্য সচিবদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী দেশের ভবিষ্যৎ সম্পদ। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ উত্তরোত্তর উন্নতির পথে এগিয়ে যাবে।










