ফমেক হাসপাতালে দালাল চক্র উৎখাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশ
- আপডেট সময় : ১১:০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / 42
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালদের উৎপাতে সেবা নিতে আসা রোগীগণ প্রতারিত হচ্ছেন উল্লেখ করে ফমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এই দালাল চক্র উৎখাতে সবধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি এব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকেও নির্দেশ প্রদান করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালের দালাল চক্র আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা হাসপাতালে যে অন্যায় কাজগুলো করছে তাদের বিরুদ্ধে আইনগত যেসব ব্যবস্থা রয়েছে সেগুলো যেন তারা গ্রহণ করেন।
শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিম্নত্রী শামা ওবায়েদ এসব কথা বলেন। এসময় তিনি বলেন, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজকেই প্রথম শুনলাম যে মেডিক্যাল হাসপাতালে সাত বছর পরে ম্যানেজিং কমিটির মিটিং হল। এটা একটা এচিভমেন্ট বলে আমি মনে করি।
তিনি বলেন, এই মেডিক্যাল হাসপাতালের অনেক সমস্যা রয়েছে। বরাদ্দের সমস্যা রয়েছে, এখানে অনেক মেশিন চলছে না যেগুলো ফ্যাসিস্ট সরকার এখানে কিনে রেখেছিল, ক্যাথল্যাবের সমস্যা রয়েছে, এখানে বিভিন্ন স্টোরেজ নাই। এছাড়া এখানে ১ হাজার বেডের হাসপাতালের কথা উল্লেখ থাকলেও সেই বেড নেই। এখানে প্রতিদিন দুই-তিনহাজার রোগী চিকিৎসা নিতে আসেন। এইসব সমস্যার সমাধানে যা কিছু করা সম্ভব সে ব্যাপারে আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে। হাসপাতালের লোকবল সংকট প্রকট বলেও তিনি এ সময় মন্তব্য করেন।
সভায় উপস্থিত ছিলেন ফমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ সহ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মেডিকেল কলেজের চিকিৎসকবৃন্দ
।
















