আগুন নেভাতে যেয়ে সিলিন্ডার বিস্ফোরণে নিহতের পরিবারে মাতম
- আপডেট সময় : ০২:০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / 18
ফরিদপুরের আলফাডাঙ্গায় বাজারে আগুন নেভাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্যা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। অগ্নিকাণ্ডে বাজারের পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাত চারটার দিকে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট ভেন্নাতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
নিহত বাবুল মোল্যা পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার হরিহরনগর গ্রামের মৃত আতিয়ার রহমান মোল্যার ছেলে। তিনি পেশায় একজন নসিমন চালক ছিলেন। বাবুল মোল্যার স্ত্রী ও চারটি মেয়ে রয়েছে। তার মৃত্যুতে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়ে গেলো।
স্থানীয়রা জানান, ভোররাতে ওই বাজারের দোকানে আগুন লাগার পর বাবুল মোল্যা স্থানীয়দের সাথে আগুন নেভানোর কাজে অংশ নেন। এ সময় একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে বাবুল মোল্যা, আলামিন বিশ্বাস ও নুর মিয়া শেখসহ কয়েকজন গুরুতর আহত হন। বিস্ফোরণের তীব্র শব্দে চারপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহতদের উদ্ধার করে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মোল্যাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, নুর মিয়ার মুদি দোকান থেকে প্রথমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর সকালের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাজারের পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে, নুর মিয়ার মুদি দোকান, সাহেব আলীর চায়ের দোকান, কেসমত আলীর সার ও কীটনাশকের দোকান, বাবর আলীর সাইকেল মেকানিকের দোকান এবং জাকির মোল্যার কাপড়ের দোকান। অগ্নিকাণ্ডে দোকানগুলোর ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রয়েল আহমেদ জানান, ‘প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুন নেভানোর সময় দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন। এই অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।’














