ফরিদপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমন্বয় পরিষদ গঠিত
- আপডেট সময় : ১২:৫১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 38
ফরিদপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমন্বয় পরিষদ, ঢাকার প্রাথমিক কমিটি গঠিত হয়েছে। এতে ইঞ্জিনিয়ার সাঈদুর রহমানকে প্রধান সমন্বয়ক ও সৈয়দ আবদুল আওয়াল নান্নাকে সদস্যসচিব করা হয়েছে।
গতকাল শনিবার রাতে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এই কমিটি গঠন করা হয়। এই কমিটি জেলার প্রাচীনতম বিদ্যাপীঠ ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের গৌরবময় ১৭৫তম বর্ষপূর্তি উৎসব উদযাপনে ঢাকায় বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয় করবে।
১৫ সদস্যের কমিটির অন্যরা হলেন- সহ-সমন্বয়ক কাজী জোবায়দুল হক টুলু, শাব্বির হোসেন মনি ও এস এম শামীম হোসেন এবং সদস্য সৈয়দ মান্নাফ হোসাইন (অর্থ সমন্বয়ক), আমিনুল ইসলাম রিপন, চিত্রশিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধু, মোহাম্মদ আমীর হোসেন সাগর, মাহবুব সোহেল, সাংবাদিক অশোকেশ রায়, পঙ্কজ কুমার মন্ডল, মো. শামীম হোসেন, মো. বদিউল আলম ছন্দ ও ফয়েজ আহমেদ তুষার।
সভায় ঢাকায় থাকা ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাইদের উৎসব উদযাপনে এই কমিটির কার্যক্রমসহ ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপসহ অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যুক্ত হতে অনুরোধ জানানো হয়েছে।
আগামী ২৮ ফেব্রুয়ারি শনিবার বিকেল সাড়ে ৪টায় একই স্থানে পরবর্তী প্রস্তুতি সভা ও ইফতার মাহফিল এবং ঈদের পরে ফরিদপুরের পুনর্মিলনীতে ঢাকায় অবস্থানরত সব প্রাক্তন ছাত্রদের আমন্ত্রণ জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ফরিদপুর উচ্চ বিদ্যালয় ১৮৫১ সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়াঙ্গণ সহ বিভিন্ন ক্ষেত্রে এ স্কুলের শিক্ষার্থীরা অনন্য অবদান রেখেছে। বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অসংখ্য বরেণ্য ব্যক্তিত্ব এই স্কুলের ছাত্র ছিলেন। তাদেরসহ প্রাক্তন-বর্তমান শিক্ষকদের স্মরণে-সম্মাননায় আগামী ডিসেম্বরে দিনব্যাপী পুনর্মিলনী উৎসবের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানকে জমজমাট ও স্মৃতিবাহী মিলনমেলায় পরিণত করতে চান তারা।















