বাংলা সাহিত্যের অনবদ্য স্মারক সোজন বাদিয়ার ঘাট
- আপডেট সময় : ০৯:২০:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / 117
বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র কবি জসীমউদ্দীনের সৃষ্টিকর্ম শুধু সাহিত্যপ্রেমীদের হৃদয়েই নয়, বাংলার মাটি ও মানুষের ইতিহাসেও চিরস্থায়ী স্থান করে নিয়েছে। তাঁর কালজয়ী কাব্যগ্রন্থ “সোজন বাদিয়ার ঘাট” বাংলা সাহিত্যকে দিয়েছে এক অনন্য উচ্চতা। অথচ যে স্থানটির স্মৃতি, আবেগ ও বাস্তবতাকে ধারণ করে এই অমর কাব্যের জন্ম, সেই ফরিদপুরের কুমার নদের তীরে অবস্থিত সোজন বাদিয়ার ঘাট আজ অযত্ন, অবহেলা ও পরিকল্পনার অভাবে নীরবে হারিয়ে যাওয়ার পথে।
আমরা যখন উন্নত বিশ্বের দিকে তাকাই তখন কি দেখি ? সেখানে একটি জাতি তার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক স্মৃতিচিহ্ন শুধু সংরক্ষণই করে না বরং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আত্মগৌরবে নিজের পরিচয় তুলে ধরে। পৃথিবীর উন্নত দেশগুলো তাদের সাহিত্যিক, শিল্পী ও মনীষীদের স্মৃতিবিজড়িত স্থানগুলোকে সংরক্ষণ করে পর্যটন, গবেষণা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে তুলে। অথচ বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কবির স্মৃতিধন্য এই স্থানটি আজও যথাযথ সংরক্ষণ ও উন্নয়নের অপেক্ষায়। দীর্ঘদিনের অবহেলায় স্থানটি ক্রমশ তার ঐতিহাসিক মর্যাদা হারাচ্ছে, জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে ।
শৈশবে আমরা দেখেছি, কুমার নদ কত প্রাণবন্ত ছিল! দূর-দূরান্ত বিশেষ করে ঈশান গোপালপুর, চৌধুরী বাজার, ভাসানচর সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নৌকা এসে এই ঘাটে ভিড়ত। মানুষ ফরিদপুর শহরে প্রয়োজনীয় কাজ সেরে আবার নৌকায় করে বাড়ি ফিরত। আনছার উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন এই ঘাট ছিল এলাকার জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের বন্ধুদের মাঝে ,বহু ছাত্রছাত্রী প্রতিদিন নৌকায় করে বিদ্যালয়ে আসা-যাওয়া করত। বন্ধু আকতার হোসেন ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য। বিদ্যালয়ে পড়ার সময় কখনো মন খারাপ থাকলে, এই নদীতে নৌকা ভাসিয়ে আমরা চলে যেতাম দূর দুরান্তরে ।”আজ সেই নদী আছে, ঘাটও আছে; কিন্তু নেই সেই কোলাহল, নেই সেই প্রাণ। মাঝে মাঝে সেখানে দাঁড়ালে মনে হয়, শুধু নদী নয়, আমাদের স্মৃতিগুলোও যেন ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে।”
সোজন বাদিয়ার ঘাট শুধু একটি সাহিত্যিক স্মারক নয়; এটি বাঙালির গ্রামীণ সংস্কৃতি, সম্প্রীতি ও জীবনবোধের এক প্রতীক। কুমার নদের প্রাকৃতিক সৌন্দর্য, পল্লীপ্রকৃতির নির্মল আবহ এবং জসীমউদ্দীনের সাহিত্যিক ঐতিহ্যকে কেন্দ্র করে এখানে একটি আধুনিক ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিপুল সম্ভাবনা রয়েছে। ফরিদপুরে পরিবার নিয়ে বিনোদন ও সাংস্কৃতিক চর্চার উপযোগী স্থান সংখ্যায় অত্যন্ত সীমিত। সেই বাস্তবতায় পল্লীকবির স্মৃতিবিজড়িত এই স্থানকে কেন্দ্র করে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হলে এটি ফরিদপুরের অন্যতম প্রধান দর্শনীয় স্থান এবং জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পেতে পারে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে পল্লীকবি জসীমউদ্দীন এবং তাঁর অমর সৃষ্টি সোজন বাদিয়ার ঘাট-এর পরিচয় তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি হবে।
প্রশ্ন হলো—এত সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন এখনও কোনো কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়? কেন পল্লীকবির স্মৃতিবিজড়িত এই স্থান বছরের পর বছর অবহেলিত থাকবে? কেন দেশের সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত এমন একটি ঐতিহাসিক স্থানের উন্নয়ন অগ্রাধিকারের তালিকায় স্থান পাবে না? আর এই অবহেলার দায়ই বা কে নেবে?
আমরা মনে করি, আর বিলম্বের সুযোগ নেই। ফরিদপুর জেলা প্রশাসন, জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনকে সমন্বিত উদ্যোগে এগিয়ে আসতে হবে। অবিলম্বে একটি সমন্বিত উন্নয়ন মহাপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। নদী খনন, নদীতীর সংরক্ষণ, সড়ক উন্নয়ন, পর্যাপ্ত আলোকসজ্জা, সৌন্দর্যবর্ধন এবং পর্যটন নৌকা চালুর মাধ্যমে এলাকাটিকে একটি প্রাণবন্ত সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্রে রূপান্তর করা সম্ভব। এমন একটি পরিবেশ গড়ে তোলা যেতে পারে, যেখানে পরিবার-পরিজন নিয়ে মানুষ নির্মল প্রকৃতির সান্নিধ্য উপভোগ করবে, পাশাপাশি নতুন প্রজন্ম পরিচিত হবে আমাদের জাতীয় সংস্কৃতির অন্যতম পথিকৃৎ পল্লীকবি জসীমউদ্দীনের জীবন ও কর্মের সঙ্গে।
আজ যখন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত স্থানগুলো সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে জাতীয় ঐতিহ্যের মর্যাদা পাচ্ছে, তখন অত্যন্ত পরিতাপের সঙ্গে দেখতে হয় যে সোজন বাদিয়ার ঘাটের দুই পাশে গড়ে উঠেছে গবাদিপশুর খামার ও কচুক্ষেত। যাতায়াতের সড়কটি আধাভাঙা, দীর্ঘদিনেও সংস্কারের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। সন্ধ্যার পর এলাকাটি প্রায় জনশূন্য হয়ে পড়ে; আলো-আঁধারিতে এটি অনেক ক্ষেত্রে মাদকাসক্তদের অভয়ারণ্যে পরিণত হয়। যে স্থানটি হওয়ার কথা ছিল সাহিত্য, সংস্কৃতি ও পর্যটনের প্রাণকেন্দ্র, সেটিই আজ অবহেলার মুর্ত প্রতীকে পরিণত হয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসন ও জেলা পরিষদের প্রতি, বিশেষ করে জেলা পরিষদের সম্মানিত প্রশাসক আমাদের প্রিয় আফজাল হোসেন খান পলাশ ভাইয়ের প্রতি আমাদের আন্তরিক আহ্বান—পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং ভবিষ্যৎ প্রজন্মের সাংস্কৃতিক আত্মপরিচয় রক্ষার স্বার্থে এই ঐতিহ্যবাহী স্থান সংরক্ষণ ও উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। আজকের একটি দূরদর্শী উদ্যোগ আগামী দিনের গর্ব হয়ে উঠতে পারে।অবহেলার কারণে যদি এই ঐতিহাসিক স্থান তার অস্তিত্ব, সৌন্দর্য ও আবেদন হারিয়ে ফেলে, তবে তা শুধু ফরিদপুরের নয়, সমগ্র জাতির সাংস্কৃতিক ক্ষতির কারণ হবে।
কুমার নদের তীরে দাঁড়িয়ে আজও যেন পল্লীকবির সেই পল্লীবাংলার আহ্বান শোনা যায়। সেই আহ্বানকে বাঁচিয়ে রাখা, সেই স্মৃতিকে সংরক্ষণ করা এবং আগামী প্রজন্মের হাতে তুলে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সোজন বাদিয়ার ঘাটকে রক্ষা করা মানে শুধু একটি স্থানকে সংরক্ষণ করা নয়; বরং আমাদের সাহিত্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে ভবিষ্যতের জন্য অক্ষুণ্ণ রাখা ।















