জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব বিধিনিষেধ প্রত্যাহার
- আপডেট সময় : ০২:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / 53
জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ লাইনে সৃষ্ট সমস্যার ফলে দেশে জ্বালানি সংকট দেখা দেয়। এ পরিস্থিতি মোকাবেলায় সরকার পূর্বে কিছু নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছিল।
তবে ইতোমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এছাড়া জনগণের ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং বোরো মৌসুমে কৃষকদের জ্বালানির চাহিদা বিবেচনায় নিয়ে জ্বালানি তেল বিতরণে আরোপিত রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আজ ১৫ মার্চ ২০২৬ থেকে দেশের সব বিতরণ কেন্দ্র থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে।














