তারেক রহমানের কাছে হাদী হত্যার বিচার সহ ছাত্রদের ৮ দফা দাবি
- আপডেট সময় : ০৯:৩২:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 37
ফরিদপুর: শহরের রাজেন্দ্র কলেজ মাঠে বিএনপির জনসভায় তারেক রহমানের নিকট ৮দফা দাবি জানাতে প্ল্যাকার্ড হাতে সেখানে সমবেত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। -ছবি অগ্নিপ্রহর।
ফরিদপুরে রাজেন্দ্র কলেজ মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় সংহতি জানিয়ে এবং ভবিষ্যৎ রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ৮টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার দুপুরে জনসভা মঞ্চের সামনে হাজির হয়ে বিভিন্ন প্লাকার্ড ও ফেস্টুন তাদের দাবিগুলো তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
দাবিসমূহ হচ্ছে- ক্ষমতায় আসলে হাদী হত্যার বিচার করতে হবে। গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে ভোট দিতে হবে। ‘২৪শের অভ্যুত্থানের হত্যা সহ সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। ক্ষমতায় আসলে শুধু দলের নয়, দেশের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। দলীয় নেতাকর্মীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জুলাইয়ের শহীদ পরিবার আর আহতদের কখনো অবমূল্যায়ণ করা যাবেনা। ছাত্র সংগঠন যেন যৌক্তিক আন্দোলনগুলোতে বিরোধীতা না করে ছাত্রবান্ধব আচরণ করে। পুলিশ যেনো রাজনৈতিক দলের লাঠিয়াল হিসেবে নয় বরং জনগণের সেবক হিসেবে কাজ করে এমন প্রাতিষ্ঠানিক সংস্কার করা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলা কমিটির সদস্য সচিব আনিসুর রহমান সজল বলেন, ২৪শের গণআন্দোলনের মূল লক্ষ্য বাস্তবায়নে দেশের রাজনৈতিক দলগুলো যাতে সক্রিয় থাকে, সেটিই তাদের দাবি। তারা কোনো বিশেষ দলের পক্ষ থেকে নয় বরং জনগণের আকাঙ্ক্ষার কথা বলতেই তারেক রহমানের জনসভায় এসেছেন। তিনি বলেন, যেই দলই ক্ষমতায় আসুক, তারা আমাদের এই ৮টি দাবি পূরণে যথাযথ ভূমিকা নেবেন—আমরা সেই প্রত্যাশাই করছি।









