সৎ মায়ের পর এবার আপন মা’কেও হত্যা করল রাহিম
- আপডেট সময় : ০৭:১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 6
দশ বছর আগে কুপিয়ে সৎ মাকে হত্যার পর এবার আপন জন্মদাত্রী মাকে হত্যা করেছে এক ছেলে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের আলিয়াবাদ এলাকার আব্দুর রহমান মোল্লার ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম শামেলা আক্তার (৬০)। তিনি ওই এলাকার মৃত আকবর শেখের স্ত্রী। আর ঘাতক পুত্রের নাম রাহিম শেখ (৩২)। সৎ মা’কে হত্যা করে জেল খেটে বছর আগে জামিনে বেরিয়ে এসেছিল বলে জানা যায়।
কোতোয়ালী থানার ওসি (তদন্ত) সুকান্ত দত্ত জানান, শহরের বায়তুল আমান এলাকায় ছেলের হাতে মা নিহত হয়েছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বাড়ির উঠানে শামেলা আক্তারের মৃতদেহ বাড়ির উঠানে পড়ে থাকতে দেখা যায়। ওই নারীকে মাথায় কিছু দিয়ে আঘাত করে থেতলিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা সুমন শেখ জানান, রাহিম শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধে জড়াতেন।
জানা গেছে, রাহিম শেখরা দুই ভাই দুই বোন। স্থানীয়রা জানান, ১০ দশ বছর আগে রাহিম তার সৎ মাকেও কুপিয়ে হত্যা করেছিল। ওই মামলায় জেল কেটে বছর পাঁচেক আগে সে জামিনে বেরিয়ে আসে। সে উগ্র ও নেশাগ্রস্থ অবস্থায় প্রায় তার মা ও ভাইবোনদের মারধর করত।
ওসি (তদন্ত) সুকান্ত দত্ত বলেন, প্রাথমিকভাবে হত্যার কারণ এখনো জানা যায়নি। পরিবারের দাবি রাহিম শেখ মানসিক সমস্যা সহ নেশাগ্রস্ত ছিল। ঘাতকের ঘরে সিগারেটের প্যাকেট, ফয়েল পেপার, মোমবাতি সহ মাদকদ্রব্য সেবনের আলামত পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাহিম শেখকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। নিহতের মৃতদেহ সুরতহাল তৈরি করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন তনু বলেন, এ ঘটনায় দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীর আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জোর দাবি জানাই।




















