জরুরি ভিত্তিতে ১১০ মিটার এলাকায় সাড়ে ১২ হাজার জিওব্যাগ ডাম্পিং
ফরিদপুরে পদ্মার ভাঙনরোধে স্থায়ী বাঁধের আশ্বাস এমপি নায়াব ইউসুফের
- আপডেট সময় : ১০:১২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / 31
ফরিদপুরে পদ্মানদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল নর্থচ্যানেলে নদীভাঙন রোধে আপৎকালীন ব্যবস্থা হিসেবে জিওব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। কার্যক্রমের সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন, নর্থ চ্যানেল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মোস্তাক উপস্থিত ছিলেন । পদ্মানদীর এই ভাঙনরোধে সেখানে ১১০ মিটার এলাকায় সাড়ে ১২ হাজার জিওব্যাগ ডাম্পিং করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
এসময় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, আপৎকালীন জিওব্যাগ ফেলে পদ্মার তীরবর্তী এলাকার ভাঙন প্রতিরোধের এই ব্যবস্থাটি সাময়িক। সিঅ্যান্ডবি ঘাট থেকে শুরু করে ৩ কিলোমিটার এলাকা জুড়ে একটি টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। ফরিদপুরে প্রতিবছর পদ্মানদীর ভাঙনে জনপদ বিলীনের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আমি জাতীয় সংসদে কথা বলেছি।
তিনি আরও উল্লেখ করেন, সদর উপজেলার নর্থচ্যানেল এবং ডিক্রিরচর এলাকায় ব্লকের মাধ্যমে পদ্মা নদীর তীর ঘেঁষে স্থায়ী বাঁধ নির্মাণ করা হলে এই অঞ্চলের হাজার হাজার মানুষ সুফল পাবে। বর্তমান সরকার জনগণের সরকার, তাই আগামী ৫ বছর জনগণের উন্নয়নে সব ধরনের কাজ করা হবে। এছাড়া ভাঙনকবলিত এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থানীয় স্বাস্থ্য ক্লিনিক, মসজিদ ও হাট-বাজারসহ ব্যবসা-প্রতিষ্ঠান রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি। উদ্বোধনের আগে তিনি পদ্মা নদীর ভাঙনকবলিত স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করেন এবং পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব হোসেন জানান, ফরিদপুরে পদ্মানদীর ভাঙন স্থায়ীভাবে প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ে একটি বৃহৎ প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) পাঠানো হয়েছে। তিনি বলেন, মন্ত্রণালয় থেকে প্রকল্পটি পাস হলেই ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল এবং ডিক্রিরচর এলাকার ৩ কিলোমিটার এলাকাজুড়ে টেকসই ব্লক বাঁধ নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে। তবে আপাতত ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে ১১০ মিটার এলাকায় সাড়ে ১২ হাজার জিওব্যাগ ডাম্পিং করার কাজ শুরু করা হয়েছে।














