নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১০:৪৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / 27
ফরিদপুরের নগরকান্দায় উপজেলার রাধানগর পূর্বপাড়া গ্রাম থেকে এক ষাটোর্ধ্ব নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি- অগ্নিপ্রহর
ফরিদপুরের নগরকান্দায় জামেলা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ তাঁর নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জামেলা বেগম ওই গ্রামের মৃত জমির ভূঁইয়ার স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর কোনো ছেলে নেই এবং দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তিনি বাড়িতে একাই বসবাস করতেন। আজ সকালে প্রতিবেশীরা বাড়ির সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা অবস্থায় ভেতরে মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করেন।
নিহতের জামাতা আব্দুল কুদ্দুস জানান, তাঁর শাশুড়ি রোজা রেখেছিলেন এবং শুক্রবার সন্ধ্যায় তাঁদের মধ্যে শেষবার ফোনে কথা হয়। আজ সকালে লোকমুখে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি আরও অভিযোগ করেন, ঘরের ভেতর থেকে সেপটিক ট্যাংক পর্যন্ত মরদেহটি টেনে-হিঁচড়ে নেওয়ার চিহ্ন দেখা গেছে, যা থেকে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য মুরাদ হোসেন জানান, জামেলা বেগম দীর্ঘদিন ধরে একাকী জীবন যাপন করছিলেন। খবর পেয়ে বিপুল সংখ্যক এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমায়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
















