এএফ মুজিবুর রহমান স্বর্ণপদক পেলো রোজিনা ও রিয়াজ
- আপডেট সময় : ০২:৩২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 89
রাজেন্দ্র কলেজ থেকে এবছর গণিত বিভাগে সর্বোচ্চ ফলাফল অর্জন করায় বিএসসি অনার্সের ২০২৩ সেশনের রোজিনা সুলতানা এবং এমএসসির ২০২২ সেশনের শিক্ষার্থী রিয়াজ শেখ ১৩তম এএফ মুজিবুর রহমান স্বর্ণপদক লাভ করেছেন।
মঙ্গলবার সকালে তাদেই কৃতিত্বের স্বীকৃতিস্বরুপ স্বর্ণপদক প্রদান করা হয়। এক ভরি ওজনের স্বর্ণপদকের সাথে পুরস্কার হিসেবে নগদ ১০ হাজার টাকা ও সনদপত্র প্রদান করা হয় তাদের।
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মাদ ফয়জুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এসএম আব্দুল হালিম, এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি মিসেস লোনা টি রহমান, ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মো: ওবায়দুর রহমান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন।
এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক মাহফুজুল আলম জানান, এবছর এএফ ফাউন্ডেশন কৃতি শক্ষিার্থীদের মাঝে ১৩তম বারের মতো স্বর্ণপদক প্রদান করছে। তিনি জানান, ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ ছাড়াও ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিশ্ববিদ্যালয় এবং বুয়েটসহ দেশের দশটির অধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবছর গণিতে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারীদের এএফ ফাউন্ডেশন স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়া ২০১৩ সাল থেকে বাংলাদেশ গণিত সোসাইটির জাতীয় স্নাতক-পর্যায়ের গণিত অলিম্পিয়াডের পূর্ণ পৃষ্ঠপোষকতা করছে ফাউন্ডেশনটি।
প্রসঙ্গত,১৮৯৭ সালের ২৩ সেপ্টেম্বর ফরিদপুর জেলার গেরদায় জন্মগ্রহণ করেন এএফ মুজিবুর রহমান। তাঁর পিতার নাম মৌলবি আবদুর রহমান। ১৯২০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে এমএসসি (মাস্টার্স) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করার সময় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এবং প্রথিতযশা গণিতবিদ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের দীর্ঘদিনের প্রাপ্ত নম্বরের রেকর্ডটি ভেঙে দিয়েছিলেন।
গণিতে এমএসসি করার পর তিনি উচ্চশিক্ষার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্যালিওল কলেজে (Balliol College) পড়াশোনা করেন। ১৯২৩ সালে ভারতীয় সিভিল সার্ভিস (ICS) পরীক্ষায় উত্তীর্ণ হন এবং বিচার বিভাগে যোগ দেন। তিনি ছিলেন আইসিএস অফিসার হওয়া প্রথম বাঙালি মুসলিমদের একজন। বিচারক হিসেবে তিনি অত্যন্ত ন্যায়নিষ্ঠ ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর নামে প্রতিষ্ঠিত হয়েছে ‘এএফ মুজিবুর রহমান গণিত ভবন’। ১৯৪৫ সালের ১২ মে তিনি মৃত্যুবরণ করেন। ১৯৮৫ সালে এই কীর্তিমানের স্মৃতি সংরক্ষরণে প্রতিষ্ঠিত হয় ‘এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন’।














