কনসার্টের উচ্চ শব্দে শিশুদের কষ্টের কথা জেনে ক্ষমা চাইলেন বিএনপি নেতা স্বপন
- আপডেট সময় : ০১:৫৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / 84
ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে অনুষ্ঠিত একটি কনসার্টের কারণে পার্শবর্তী হাসপাতালের শিশু ও রোগীদের ভোগান্তির কথা জানতে পেরে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন।
গতকাল রাতে ফরিদপুর ট্যুরস এন্ড ট্রাভেলস-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঐতিহ্যবাহী অম্বিকা ময়দানে এক সাংস্কৃতিক সন্ধ্যা ও কনসার্টের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপনও।
কনসার্ট চলাকালের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন এই বিএনপি নেতা। সেই পোস্টের কমেন্ট বক্সে তাঁর পরিচিতি এক ছোট ভাই জানান, অম্বিকা ময়দানের পাশেই অবস্থিত শিশু হাসপাতালে তাঁর অসুস্থ সন্তান ভর্তি ছিল। কিন্তু কনসার্টের বিকট শব্দের কারণে পুরো অনুষ্ঠান চলাকালীন শিশুটি একটুও ঘুমাতে পারেনি।
বিষয়টি নজরে আসার পর ফেসবুকে এক পোষ্টে গভীর দুঃখ প্রকাশ করেন কিবরিয়া স্বপন। তিনি অনুশোচনা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, শিশু হাসপাতালের পাশাপাশি ওই এলাকায় হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সহ আরও দুটি বড় চিকিৎসা কেন্দ্র রয়েছে। উচ্চ শব্দে কনসার্ট আয়োজনের ফলে হয়তো আরও অনেক শিশু ও মুমূর্ষু রোগীর মারাত্মক কষ্ট হয়েছে।
ভবিষ্যতের জন্য বার্তা দিয়ে তিনি বলেন, “কনসার্টের মতো উচ্চ মাত্রার শব্দযন্ত্র ব্যবহার করে এমন কোনো অনুষ্ঠান এমন স্থানে হওয়া উচিত, যেখানে রোগী বা সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয়। বিষয়টি নিয়ে আমাদের এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের গুরুত্বের সাথে ভাবা উচিত।”
কনসার্টের কারণে যেসব রোগী ও সাধারণ মানুষ কষ্ট পেয়েছেন, তাঁদের সবার কাছে তিনি ব্যক্তিগত ও সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।













