প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানতে চেয়ে চিঠি
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার অগ্রগতি
- আপডেট সময় : ১১:৩৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 40
ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা হতে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং ১টি বেজমেন্টসহ ১৫ তলাবিশিষ্ট আধুনিক হাসপাতাল ভবন নির্মাণের অগ্রগতি জানতে চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ এবং মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সচিব মোঃ উজ্জল হোসেন সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে প্রেরিত এক পত্রে এ তথ্য জানতে চান। গত ২৪ আগস্ট এ চিঠি ইস্যু করা হয়। এতে এ ডিওপত্র অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণপূর্বক এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি জানতে চাওয়া হয়।
ওই চিঠিতে বলা হয়েছে, সংসদীয় আসন-২১৩, ফরিদপুর-৩-এর অন্তর্গত ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং একটি বেজমেন্টসহ ১৫ তলাবিশিষ্ট আধুনিক হাসপাতাল ভবন নির্মাণের জন্য ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে হাসপাতালটির শয্যাসংখ্যা বৃদ্ধি এবং আধুনিক হাসপাতাল ভবন নির্মাণের জন্য ডিও (আধা-সরকারি) পত্র অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য সেবা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্যও অনুরোধ করা হয়েছে।
এবিষয়ে জানতে চাওয়া হলে ফরিদপুর জেলার সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, এবিষয়ে স্থানীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে একটি আবেদন করেছেন। পাশাপাশি জেলার স্বাস্থ্য বিভাগ থেকে মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, ফরিদপুর জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার উন্নয়নে এটি একটি সময়োচিত উদ্যোগ। সম্প্রতি এর অগ্রগতি জানতে চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়ন সম্পন্ন হলে তা এই অঞ্চলের মানুষের জন্য খুবই ফলদায়ক হবে।
এদিকে, ফরিদপুরের সাধারণ জনগণের পক্ষ থেকে এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় হিসেবে উল্লেখ করে তারা স্থানীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের প্রতি কৃতজ্ঞতা জানান।
















