বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না —তথ্য ও সম্প্রচারমন্ত্রী
- আপডেট সময় : ০৫:০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 55
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান আজ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে তথ্য অধিদফতরের উদ্যোগে প্রকাশিত সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার সফল বাস্তবায়ন বিষয়ক গ্রন্থ 'আই হ্যাভ এ প্ল্যান'-এর মোড়ক উন্মোচন করেন।
সরকার ও সংবাদমাধ্যম পরস্পরের প্রতিপক্ষ নয় উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না এবং কারও মুখ বন্ধ করার নীতিতে বিশ্বাসী নয়। সরকারের সমালোচনা অবশ্যই করা হবে এবং সেটি গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক অংশ। গণমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ উল্লেখ করে মন্ত্রী বলেন, বিগত ছয় মাসে সরকার বা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গণমাধ্যমকে কোনো নির্দিষ্ট সংবাদের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়নি। অতীতের চেয়ে এখন গণমাধ্যমের স্বাধীনতা আছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের সম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ কথা বলেন। এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, গত ৬ মাসে বাংলাদেশে কোন গুমের ঘটনা ঘটেনি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এসময় বলেন, গণতন্ত্রে বিশ্বাস কেবল কোনো ব্যবস্থার বিষয় নয়, এটি একটি মানসিকতারও বিষয়। নিজের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও সমালোচনা গ্রহণ করার মানসিকতা সরকারের থাকা উচিত। তিনি স্মরণ করিয়ে দেন, বিগত ১৭ বছরে সরকারের সমালোচনা শোনার সেই মানসিকতা ছিল না। তিনি বলেন, এটা মাথায় রাখবেন যে স্বাভাবিক কোনো সময়ে আমরা সরকারে আসিনি। গত ১৭ বছরের শাসনব্যবস্থাসহ সব মিলিয়ে অত্যন্ত সংবেদনশীল একটি সময় পার করতে হচ্ছে। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংবাদমাধ্যমকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্ব দিতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়াসহ দুই এক জায়গায় কনসার্টসহ যে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে, সেটি নিরাপত্তার কারণে করা হয়েছে। এ বিষয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সরকার এটি খতিয়ে দেখছে। তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, যেখানে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ একে অপরের পাশে দাঁড়াতে জানে। মন্ত্রী বলেন, কিছু কিছু মানুষ ওভারঅ্যাক্ট করছে, তবে এক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সরকার বিষয়টি দেখবে। এছাড়া সাংস্কৃতিক বিষয়ে বাধা-বিঘ্ন দেওয়ার কোনো মানসিকতা সরকারের নেই।
সংবাদ সম্মেলনে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরে তথ্যমন্ত্রী জানান, শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে প্রয়োজনীয় শর্ত ও অনুরোধ দেওয়া হয়েছে। ভারতীয় একটি পত্রিকার সূত্রের বরাত দিয়ে তিনি উল্লেখ করেন, বিষয়টিকে আদালতের প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করা হলে তা সংশ্লিষ্ট পক্ষের জন্য স্বস্তিদায়ক নাও হতে পারে। তিনি জানান, শুধু শেখ হাসিনা নন, বিদেশে অবস্থানরত মামলাভুক্ত সকল ব্যক্তিকেই দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে চায় সরকার।
এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান আজ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে তথ্য অধিদফতরের উদ্যোগে প্রকাশিত সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার সফল বাস্তবায়ন বিষয়ক গ্রন্থ ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর মোড়ক উন্মোচন করেন।















