সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা
- আপডেট সময় : ০৯:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / 145
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী চূড়ান্ত হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারস্থ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।
জোটের চূড়ান্ত তালিকা অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী থেকে আটজন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে দুজন রয়েছেন। এ ছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একজন, বাংলাদেশ খেলাফত মজলিসের একজন এবং জুলাই শহীদ পরিবারের একজনকে নারী আসনের সংসদ সদস্য করা হচ্ছে এই জোট থেকে।
জামায়াতে ইসলামী থেকে মনোনীত প্রার্থীরা হলেন-নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।
শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু। এছাড়া তালিকায় রয়েছেন জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৭৭টি আসনে জয়ী হয় ১১–দলীয় ঐক্য। সেই হিসাবে তারা ১৩টি নারী আসন পাচ্ছে। ৫০ নারী আসনের ৩৬টি বিএনপি পাচ্ছে। ক্ষমতাসীন দলটি আজ সোমবারই তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। এর পরপরই ১১–দলীয় ঐক্যের প্রার্থী চূড়ান্ত হওয়ার খবর পাওয়া যায়।















