মাসব্যাপী সিয়াম সাধনা শেষে এলো খুশির ঈদ
- আপডেট সময় : ১২:৫০:০০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
- / 68
মাসব্যাপী সিয়াম সাধনার পর পশ্চিম আকাশে উঠেছে শাওয়ালের চাঁদ। শনিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। শুক্রবার সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কথা জানায় প্রশাসন।
ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় এক টেলিভিশন বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঈদুল ফিতরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন আমরা রমজানের আদর্শে অনুপ্রাণিত হই এবং একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই।’
জানা গেছে, রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে ঈদের পাঁচটি জামাত। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করার কথা রয়েছে।
রাজধানীর বাইরে দেশের অন্যতম বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুরের আটরশী বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে। এছাড়া দেশের প্রতিটি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি এরইমধ্যে শেষ হয়েছে। মুসল্লিরা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও শৃঙ্খলা মেনে ঈদের নামাজ আদায় করবেন বলে আশা করা যাচ্ছে।
এদিকে, সন্ধ্যায় ঈদের চাঁদ দেখা যাওয়ার পর এক অনাবলি আনন্দের বার্তা ছড়িয়ে পড়ে সারাদেশে। ঈদ উপলক্ষে তারাবজি জ্বালিয়ে, ঘোড়ার গাড়িতে চড়ে এক আনন্দঘণ শোভাযাত্রা বের করা হয় ফরিদপুরে। ফরিদপুরের তরুণদের উদ্যোগে শুক্রবার সন্ধায় শহরের জনতা ব্যাংকের মোড় থেকে এ র্যালী বের করা হয়। ঘোড়ার গাড়ি এরপর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো জনতা ব্যাংকের মোড়ে এসে র্যালীটি শেষ হয়। এরপর সেখানে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় ঈদ মোবারক উৎকীর্ণ রঙিন প্রতীক ও চাঁদ-তারা প্রতীক হাতে নিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে তরুণেরা শহর প্রদক্ষিণ করে। তাদের মুখে ছিলো ঈদ মুবারাক, মুবারাক, হাজী শরিয়তুল্লাহ- পীর দুদু মিয়া, হযরত শাহজালাল রহমাতুল্লাহর নাম জানিয়ে ঈদ মোবারক শুভেচ্ছা জানানোর স্লোগান।
এসময় ড্যাবের নেতা ডা. তানসিভ জুবায়ের নাদিম, ডা. আলআমীন সরোয়ার, অ্যাডভোকেট মেহেরুন নেসা স্বপ্না, ছাত্রনেতা খায়রুল ইসলাম রোমান, মাহমুদুল হাসান ওয়ালিদ, আশিকুর রহমান আশিক, আনিসুর রহমান সজল, নূর সাদিক হোসেন, তন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৮ মার্চ চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়। ওইদিন মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হয় এবং শুক্রবার মধ্যপ্রাচ্যের দেশগুলোয় পবিত্র ঈদুল ফিতর উদযাপন হয়।
এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৈনিক অগ্নিপ্রহর পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি রইলো প্রাণঢালা শুভেচ্ছা।










