ময়েনদিয়া বাজারের নিয়ন্ত্রণ নিয়ে হামলা : ইউপি চেয়ারম্যান মান্নান গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 97
ফরিদপুরের বোয়ালমারী ও সালথা সীমান্তবর্তী ময়েনদিয়া বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত শনিবারের সংঘর্ষের পর সেনাবাহিনী ও পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধারসহ আরও দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারী ও সালথা সীমান্ত এলাকায় ময়েনদিয়া বাজারের নিয়ন্ত্রণ পেতে বাড়িঘরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মাতুব্বরকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সালথার খারদিয়া গ্রাম ও বোয়ালমারীর পরমেশ্বরদী ইউনিয়নের সীমান্তবর্তী ময়েনদিয়া বাজার নিয়ন্ত্রণ নিয়ে মান্নান মাতুব্বরের সাথে প্রতিপক্ষের প্রায় এক যুগ ধরে দ্বন্দ্ব চলছে।
গত শনিবার তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের সময় বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং আগুন ধরিয়ে দেয়া হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোররাত প্রায় ৪টার দিকে উপজেলার খারদিয়া গ্রামে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে খারদিয়া গ্রামের বিভিন্নস্থানে তল্লাশি চালিয়ে ৭টি ঢাল ও ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করে এবং ইমামুল (২১) ও তুহিন (১৯) নামে দু’জনকে আটক করে।















